বাড়িতে হামলার পর এবার ফোনে খুনের হুমকি বিকাশরঞ্জনকে! নিশানায় বর্ষীয়ান আইনজীবী

Must Read

ওয়েব ডেস্ক : বাড়িতে হামলার অভিযোগের পর এবার সরাসরি ফোনে খুনের হুমকি! এমনই অভিযোগ করলেন বর্ষীয়ান আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য (Bikash Ranjan Bhattacharya)। তাঁর অভিযোগ, অপরিচিত নম্বর থেকে ফোন করে তাঁকে ও তাঁর পরিবারের সদস্যদের খুনের হুমকি দেওয়া হয়েছে। এমনকী, তাঁর প্রয়াত মাকে নিয়েও কুরুচিকর মন্তব্য করা হয়েছে বলে দাবি করেছেন তিনি। এই ঘটনায় সোশ্যাল মিডিয়ায় সরব হয়ে মুখ্যমন্ত্রী তথা পুলিশমন্ত্রী শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) কাছে পদক্ষেপের আর্জি জানিয়েছেন বিকাশরঞ্জন।

জানা গিয়েছে, গতকাল রাত ১০টা ৪৭ মিনিট নাগাদ একটি অচেনা নম্বর থেকে তাঁর ফোনে কল আসে। অভিযোগ, ফোনের অন্য প্রান্তে ছিলেন সুকান্ত মণ্ডল নামে এক যুবক। ওই যুবক তাঁকে এবং তাঁর পরিবারের সদস্যদের খুনের হুমকি দেন বলে দাবি আইনজীবীর। পাশাপাশি, তাঁর প্রয়াত মাকে নিয়েও আপত্তিকর মন্তব্য করা হয় বলে অভিযোগ।

আরও খবর :  ভিন্ন রাজনৈতিক মতাদর্শকে গুরুত্ব দেওয়া গণতন্ত্রের জন্য ফলপ্রসূ: বিচারপতি সৌগত ভট্টাচার্য

ঘটনার পর ফেসবুকে একটি পোস্ট করে ক্ষোভ প্রকাশ করেন বিকাশরঞ্জন। সেখানে তিনি লেখেন, “ফোনে আমাকে ও আমার পরিবারের সদস্যদের খুনের হুমকি দিলেন। আমার প্রয়াত মা সম্বন্ধে কুৎসিত ইঙ্গিত করলেন।” অভিযুক্তকে ‘হিন্দু মৌলবাদী’ বলেও উল্লেখ করেন তিনি। একইসঙ্গে মুখ্যমন্ত্রী তথা পুলিশমন্ত্রী কী পদক্ষেপ করেন, তা দেখার অপেক্ষায় রয়েছেন বলে জানান বিকাশরঞ্জন। প্রয়োজন হলে আত্মরক্ষার অধিকার প্রয়োগ করার কথাও লিখেছেন তিনি।

উল্লেখ্য, সম্প্রতি বিকাশরঞ্জনের বাড়িতে হামলার অভিযোগ ঘিরে রাজনৈতিক মহলে বিতর্ক তৈরি হয়েছিল। সেই ঘটনার পরও সোশ্যাল মিডিয়ায় সরব হয়েছিলেন তিনি। এবার ফোনে হুমকির অভিযোগ সামনে আসায় নতুন করে চাঞ্চল্য ছড়িয়েছে।

Latest News

তিরঙ্গা মিছিলের আগে অভিজিৎ দীপকের বাড়িতে দিল্লি পুলিশ

ওয়েব ডেস্ক : তিরঙ্গা মিছিলের আগে নতুন করে উত্তেজনা দিল্লিতে (Delhi)। ককরোচ জবতা পার্টি (CJP)-র প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকের (Abhijeet...

More Articles Like This