30.4 C
Kolkata

রানে ফিরলেন রোহিত-যশস্বী! আগুন ফর্মে প্রসিদ্ধ কৃষ্ণ! দাপটের সঙ্গে আফগানদের চুনকাম করল ভারত

Must Read

ওয়েব ডেস্ক: সিরিজ জয়ের কাজ আগেই সেরে নিয়েছিলেন শুভমনরা। শেষ ম্যাচে লক্ষ্য ছিল আফগানিস্তানকে হোয়াইটওয়াশ করা। সেই পরীক্ষায় দুর্দান্তভাবে সফল হল ভারত। প্রসিদ্ধ কৃষ্ণর বিধ্বংসী বোলিং এবং যশস্বী জয়সওয়ালের ঝকঝকে সেঞ্চুরির সৌজন্যে চেন্নাইয়ে তৃতীয় ও শেষ একদিনের ম্যাচে (India Vs Afghanistan) আফগানিস্তানকে অনায়াসে হারিয়ে ৩-০ ব্যবধানে সিরিজ জিতে নিল ‘মেন ইন ব্লু’।

শনিবারের ম্যাচটি কার্যত নিয়মরক্ষার হলেও শুরু থেকেই প্রতিপক্ষকে চাপে রাখে ভারত। টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন আফগানিস্তান অধিনায়ক হাসমাতুল্লাহ শাহিদি (Hashmatullah Shahidi)। কিন্তু ইনিংসের শুরুতেই বিপর্যয়ের মুখে পড়ে আফগান ব্যাটিং লাইনআপ। মাত্র ৩৬ রানের মধ্যে চারটি গুরুত্বপূর্ণ উইকেট হারিয়ে চাপে পড়ে যায় সফরকারীরা। এই ধস নামানোর নেপথ্যে ছিলেন ভারতীয় পেসার প্রসিদ্ধ কৃষ্ণা (Prasidh Krishna)। তাঁর গতিময় ও ধারালো বোলিংয়ে কার্যত দিশেহারা হয়ে পড়েন আফগান ব্যাটাররা।

আরও পড়ুন: ব্যাটে হাত না দিয়েই বিরাট রেকর্ড রোহিত শর্মার! আফগানদের বিরুদ্ধে লিখলেন নয়া ইতিহাস

তবে এক প্রান্ত আগলে লড়াই চালিয়ে যান অধিনায়ক শাহিদি। তাঁকে যোগ্য সঙ্গত দেন আজমতুল্লাহ ওমরজাই। পঞ্চম উইকেটে দু’জনে মিলে ১১৪ রানের গুরুত্বপূর্ণ জুটি গড়ে দলের ইনিংসকে কিছুটা স্থিতিশীলতা দেন। ওমরজাই ৫৬ বলে ৫০ রান করে ফিরলেও শাহিদি লড়াই চালিয়ে যান। আফগান অধিনায়ক ব্যক্তিগত সেঞ্চুরি পূর্ণ করলেও অন্য প্রান্তে নিয়মিত উইকেট হারাতে থাকায় বড় সংগ্রহ গড়ে উঠতে পারেনি। শেষ পর্যন্ত ১০২ রান করে প্রসিদ্ধর বলেই ক্যাচ দেন তিনি। নির্ধারিত ওভারের আগেই ২১৮ রানে গুটিয়ে যায় আফগানিস্তানের ইনিংস।

২২৯ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই আক্রমণাত্মক মেজাজে দেখা যায় ভারতীয় ওপেনারদের। রোহিত শর্মা (Rohit Sharma) এবং যশস্বী জয়সওয়াল (Yashasvi Jaiswal) প্রথম থেকেই আফগান বোলারদের উপর চাপ তৈরি করেন। বিশেষ করে রোহিতের ব্যাটে দেখা যায় পুরনো আগ্রাসী ছন্দ। একাধিক দৃষ্টিনন্দন শটে সাজানো তাঁর ৬৯ বলে ৭৯ রানের ইনিংসে ছিল ৯টি চার ও ৩টি ছক্কা। সেঞ্চুরির পথে এগোলেও ব্যক্তিগত শতরান থেকে বঞ্চিত হন তিনি।

অন্যদিকে যশস্বী ছিলেন আরও বিধ্বংসী। ৮৬ বলে অপরাজিত ১১০ রানের ইনিংসে তিনি মারেন ১৪টি চার ও ৩টি ছক্কা। রোহিতের সঙ্গে প্রথম উইকেটে ১৭০ রানের জুটি গড়ে ভারতের জয়ের ভিত গড়ে দেন তরুণ ওপেনার। শেষদিকে শ্রেয়স আইয়ার ২০ রানে অপরাজিত থেকে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন। মাত্র ২৮.৪ ওভারে এক উইকেট হারিয়ে লক্ষ্য ছুঁয়ে ফেলে ভারত। পাঁচ উইকেট নিয়ে ম্যাচের সেরা নির্বাচিত হন প্রসিদ্ধ কৃষ্ণ। অন্যদিকে সিরিজে একটি শতরান এবং একটি অর্ধশতরানের সৌজন্যে সিরিজসেরার পুরস্কার জেতেন ভারত অধিনায়ক শুভমন গিল (Shubman Gill)।

দেখুন আরও খবর:

Latest News

মেসির বাবার মৃত্যু নিয়ে ভুয়ো খবর! ক্ষমা চেয়ে পদত্যাগ করলেন জনপ্রিয় সাংবাদিক

ওয়েব ডেস্ক: আর্জেন্টিনা (Argentina) অধিনায়ক লিওনেল মেসির (Lionel Messi) বাবা জর্জ মেসিকে (Jorge Messi) নিয়ে ভুয়ো খবর (Fake News)...

More Articles Like This