জোড়া ঘূর্ণাবর্তের ধাক্কা! সোমবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টি, দু’জেলায় অতিভারী বর্ষণের সতর্কতা

Must Read

কলকাতা: জোড়া ঘূর্ণাবর্তের প্রভাবে সোমবার থেকে ফের দুর্যোগের মুখে পশ্চিমবঙ্গ। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ অংশে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর (Weather Update)। মুর্শিদাবাদ (Murshidabad) ও পূর্ব বর্ধমানে (Purba Bardhaman) অতিভারী বৃষ্টিরও সতর্কতা জারি করা হয়েছে। আবহাওয়াবিদদের মতে, উত্তর-পূর্ব বিহার এবং বাংলাদেশের উপর সক্রিয় দুটি ঘূর্ণাবর্তের জেরেই বঙ্গোপসাগর থেকে বিপুল পরিমাণ জলীয় বাষ্প রাজ্যে প্রবেশ করছে। তার ফলেই উত্তর ও দক্ষিণবঙ্গ জুড়ে বৃষ্টির দাপট বাড়বে (Rain Forecast)।

হাওয়া অফিস জানিয়েছে, সোমবার কলকাতায় ৭ থেকে ১১ সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে। মঙ্গলবারও শহরে বিক্ষিপ্ত বৃষ্টি চলবে। তবে বুধবার থেকে বৃষ্টির তীব্রতা কিছুটা কমার সম্ভাবনা রয়েছে। সোমবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, বীরভূম এবং নদিয়ায়। অন্য দিকে, মুর্শিদাবাদ ও পূর্ব বর্ধমানে ৭ থেকে ২০ সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টির পূর্বাভাস দিয়ে অতিভারী বর্ষণের সতর্কতা জারি করা হয়েছে।

আরও পড়ুন: ‘মাছচোর’ গানের সঙ্গে জনসমক্ষে হাঁটানো, মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে হাই কোর্টে শওকত

সপ্তাহের শেষভাগেও দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির দাপট বজায় থাকতে পারে। দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া ও বাঁকুড়ায় ভারী বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া দফতর। হাওড়া এবং দুই ২৪ পরগনাতেও সপ্তাহের শেষের দিকে ফের ভারী বর্ষণের ইঙ্গিত মিলেছে।

উত্তরবঙ্গেও দুর্যোগ অব্যাহত থাকবে। সোমবার ও মঙ্গলবার দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মালদহ, উত্তর দিনাজপুর ও দক্ষিণ দিনাজপুরেও সোমবার ভারী বৃষ্টি হতে পারে। শুক্রবারের পর থেকে দার্জিলিং, কালিম্পং ও আলিপুরদুয়ারে আবারও ভারী বর্ষণের পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। ফলে আগামী কয়েক দিন রাজ্যের বিভিন্ন জেলায় জল জমা, যান চলাচলে বিঘ্ন এবং স্থানীয় দুর্ভোগের আশঙ্কা থাকায় প্রয়োজনীয় সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে।

Latest News

বাসে আগুন, ককটেল বিস্ফোরণ, ঝটিকা মিছিল! বাংলাদেশে অশান্তির আবহ, আটক ৫১৫

ওয়েব ডেস্ক : বাসে অগ্নিসংযোগ, ককটেল বিস্ফোরণ এবং ঝটিকা মিছিলের ঘটনায় উত্তপ্ত বাংলাদেশের (Bangladesh) পরিস্থিতি। জানা যাচ্ছে , ঢাকা-সহ...

More Articles Like This