35.2 C
Kolkata

মিড ডে মিলে বরাদ্দ বৃদ্ধি, রাঁধুনিদের ভাতা দ্বিগুণ! সব স্কুলে বসবে স্যানিটারি ভেন্ডিং মেশিন

Must Read

কলকাতা: রাজ্যের নতুন সরকারের প্রথম পূর্ণাঙ্গ বাজেটে শিক্ষা খাতে একাধিক গুরুত্বপূর্ণ ঘোষণা করলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত (Swapan Dasgupta)। মিড ডে মিলের (Mid Day Meal) বরাদ্দ বৃদ্ধি, রাঁধুনিদের পারিশ্রমিক বাড়ানো, স্কুলে স্যানিটারি ভেন্ডিং মেশিন স্থাপন থেকে শুরু করে নতুন কেন্দ্রীয় বিদ্যালয় ও বিশ্ববিদ্যালয় গঠনের পরিকল্পনা তুলে ধরা হয়েছে ২০২৬-২৭ অর্থবর্ষের বাজেটে।

সোমবার বিধানসভায় বাজেট পেশ করতে গিয়ে অর্থমন্ত্রী জানান, এতদিন মিড ডে মিলের জন্য পড়ুয়া-পিছু দৈনিক ৬.৫০ টাকা বরাদ্দ ছিল। এবার তা বাড়িয়ে ১০ টাকা করা হচ্ছে। সরকারের দাবি, এর ফলে স্কুলপড়ুয়াদের আরও পুষ্টিকর খাবার সরবরাহ করা সম্ভব হবে।

আরও পড়ুন: স্বাস্থ্য খাতে বড় বাজেট ঘোষণা, উত্তরবঙ্গে IIT-AIIMS, নতুন মেডিক্যাল কলেজ

শুধু পড়ুয়ারাই নন, সুবিধা পাচ্ছেন মিড ডে মিল কর্মীরাও। বাজেটে ঘোষণা করা হয়েছে, রাঁধুনিদের মাসিক পারিশ্রমিক ১,০০০ টাকা বৃদ্ধি করা হবে। এতদিন তাঁরা মাসে ১,০০০ টাকা পেতেন, ফলে নতুন সিদ্ধান্ত কার্যকর হলে তাঁদের ভাতা দ্বিগুণ হয়ে ২,০০০ টাকায় পৌঁছবে।

শিক্ষা পরিকাঠামো সম্প্রসারণের লক্ষ্যে দক্ষিণ ২৪ পরগনা, বাঁকুড়া, বর্ধমান, মালদহ এবং ঝাড়গ্রামে মোট ৬টি কেন্দ্রীয় বিদ্যালয় গড়ে তোলার প্রস্তাব দেওয়া হয়েছে। পাশাপাশি ঝাড়গ্রামে আদিবাসী শিক্ষার্থীদের জন্য ১৫০ কোটি টাকা ব্যয়ে একটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ঘোষণা করা হয়েছে। প্রকল্পের প্রথম পর্যায়ে ১০ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। এছাড়া কাঁথি, কালিয়াচক এবং ফলতায় মহিলাদের জন্য পৃথক বিশ্ববিদ্যালয় গড়ে তোলার কথাও ঘোষণা করেছেন অর্থমন্ত্রী।

বাজেটে স্কুল ও কলেজপড়ুয়া ছাত্রীদের জন্যও একাধিক পদক্ষেপের কথা জানানো হয়েছে। রাজ্যের প্রতিটি স্কুলে স্যানিটারি ভেন্ডিং মেশিন বসানো হবে। বিশেষ করে গ্রামীণ এলাকার স্কুলগুলিতে বিশুদ্ধ পানীয় জল সরবরাহকে অগ্রাধিকার দেওয়া হবে বলে জানানো হয়েছে।

উচ্চশিক্ষায় উৎসাহ দিতে অবিবাহিত ছাত্রীদের জন্য এককালীন ৫০ হাজার টাকার আর্থিক সহায়তার ঘোষণাও করা হয়েছে। পাশাপাশি স্নাতক ও স্নাতকোত্তর স্তরে পুনরায় চালু করা হবে স্বামী বিবেকানন্দ মেরিট স্কলারশিপ। সরকারের দাবি, শিক্ষা খাতে এই পদক্ষেপগুলি স্কুলে উপস্থিতি বৃদ্ধি, ছাত্রীদের পড়াশোনায় উৎসাহ এবং উচ্চশিক্ষার সুযোগ সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে।

Latest News

এবার থেকে ২৪ ঘণ্টা খোলা থাকবে দোকানপাট! প্রস্তাব রাজ্য বাজেটে

ওয়েব ডেস্ক : সোমবার বিধানসভায় পেশ হয়েছে রাজ্য বাজেট (Budget)। সেখানে বড় প্রস্তাব করা হল সরকারের তরফে। এলার থেকে...

More Articles Like This