ওয়েব ডেস্ক : রাজ্যের ‘অ্যান্টি-গুন্ডা’ বিল পুনর্বিবেচনার জন্য ফেরত পাঠালেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। পশ্চিমবঙ্গ জননিরাপত্তা ও সমাজবিরোধী কার্যকলাপ নিয়ন্ত্রণ বিল, ২০২৬ ( West Bengal Public Safety and Control of Anti-Social Activities Bill, 2026) পুনর্বিবেচনার জন্য রাজ্য সরকারের কাছে ফেরত পাঠানো হয়েছে। বিলের মাদক সংক্রান্ত একটি ধারাকে কেন্দ্র করে কেন্দ্রীয় আইনের সঙ্গে সম্ভাব্য সংঘাতের বিষয়টি সামনে আসায় এই সিদ্ধান্ত বলে জানা গিয়েছে।
বিলের ২(d)(iii)(B) ধারায় NDPS Act, ১৯৮৫-এর আওতায় শাস্তিযোগ্য অপরাধে যুক্ত ব্যক্তিদের ‘গুন্ডা’ হিসেবে বিবেচনা করার কথা বলা হয়েছে। কেন্দ্রের আপত্তি মূলত এই জায়গাতেই। কেন্দ্রের মতে, এই বিধান কার্যকর হলে মাদক পাচার সংক্রান্ত অপরাধে প্রতিরোধমূলক আটকের ব্যবস্থা থাকা PITNDPS Act, ১৯৮৮-এর সঙ্গে সংঘাত তৈরি হতে পারে। তাই সংশ্লিষ্ট ধারা থেকে NDPS Act-এর উল্লেখ বাদ দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
আরও খবর : ভোট চুরি হলে আইনও অবৈধ! জ্ঞানেশ কুমারকে নিশানা রাহুলের, পাল্টা আক্রমণে বিজেপি
সূত্রের খবর রাষ্ট্রপতির আপত্তির পর বিলটিতে প্রয়োজনীয় সংশোধন আনার প্রস্তুতি নিচ্ছে রাজ্য সরকার। প্রশাসনিক সূত্রের খবর, সংশোধিত বিল প্রথমে বিধানসভায় পেশ করা হবে। সেখানে পাশ হওয়ার পর ফের রাষ্ট্রপতির অনুমোদনের জন্য পাঠানো হবে।
জননিরাপত্তা জোরদার এবং সমাজবিরোধী কার্যকলাপ নিয়ন্ত্রণের উদ্দেশ্যে জুন মাসে বিধানসভায় বিলটি আনা হয়েছিল। প্রস্তাবিত আইনে প্রশাসনকে বিশেষ ক্ষমতা দেওয়ার কথা রয়েছে। কোনও ব্যক্তির সমাজবিরোধী কার্যকলাপে যুক্ত হওয়ার আশঙ্কা থাকলে জেলা শাসক, পুলিশ কমিশনার অথবা অনুমোদিত ডিআইজি পদমর্যাদার বা তার ঊর্ধ্বতন পুলিশ আধিকারিক তাঁকে নির্দিষ্ট এলাকা, জেলা কিংবা একাধিক জেলা ছেড়ে যাওয়ার নির্দেশ দিতে পারবেন। সর্বোচ্চ এক বছর সংশ্লিষ্ট এলাকায় তাঁর প্রবেশ নিষিদ্ধ করার ব্যবস্থাও রয়েছে বিলে।
