কলকাতা: পশ্চিমবঙ্গে ফের সক্রিয় হয়েছে বর্ষা (Rain Forecast)। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী কয়েক দিনে রাজ্যের বিভিন্ন জেলায় বৃষ্টির দাপট আরও বাড়তে পারে। বিশেষ করে উত্তরবঙ্গের একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকায় প্রশাসনকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে (Weather Update)।
জলপাইগুড়ি, কোচবিহার এবং আলিপুরদুয়ার জেলায় অতি ভারী বৃষ্টির আশঙ্কায় লাল সতর্কতা জারি করা হয়েছে। পাশাপাশি দার্জিলিং ও কালিম্পং জেলায় কমলা সতর্কতা জারি রয়েছে। পাহাড়ি এলাকায় টানা বৃষ্টির ফলে ভূমিধস, জল জমা এবং যান চলাচলে বিঘ্ন ঘটতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। তাই অপ্রয়োজনীয় ভ্রমণ এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে।
আরও পড়ুন: রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় নির্দেশ! ছুটির আবেদন নিয়ে নতুন বিজ্ঞপ্তি
অন্যদিকে দক্ষিণবঙ্গের আবহাওয়াও অস্থির থাকবে। পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদ জেলায় বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে। এই জেলাগুলির জন্য হলুদ সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর।
আবহাওয়াবিদদের মতে, উত্তর-পূর্ব বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত সক্রিয় রয়েছে এবং দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ুও অনুকূল অবস্থায় রয়েছে। এর জেরেই রাজ্যজুড়ে বৃষ্টির প্রবণতা বেড়েছে। এছাড়া আগামী কয়েক দিনের মধ্যে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। নিম্নচাপটি শক্তিশালী হলে পূর্ব ভারতের বিস্তীর্ণ এলাকায় বৃষ্টির পরিমাণ আরও বাড়তে পারে।
ভারী বৃষ্টির সম্ভাবনার কথা মাথায় রেখে নদী সংলগ্ন ও নিচু এলাকার বাসিন্দাদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। বজ্রবিদ্যুতের সময় খোলা মাঠে না থাকা, বড় গাছের নিচে আশ্রয় না নেওয়া এবং প্রয়োজনে স্থানীয় প্রশাসনের নির্দেশ মেনে চলার আবেদন জানানো হয়েছে। পরিস্থিতির উপর নজর রাখছে আবহাওয়া দপ্তর এবং প্রয়োজনে নতুন সতর্কতা জারি করা হবে।
