ওয়েব ডেস্ক : দেশের সাহসী সেনাকর্মীদের জন্য বড় সুবিধা ঘোষণা করেছে কেন্দ্রীয় সরকার (Central Government)। সেনা পদক, নৌসেনা পদক এবং বায়ুসেনা পদকের বীরত্বের জন্য নির্বাচিত প্রাপকরা এবার আজীবন ভারতীয় রেলে বিনামূল্যে যাতায়াতের সুবিধা পাবেন। নির্দিষ্ট যোগ্য পরিবারের সদস্যরাও এই সুবিধার আওতায় থাকবেন। ইতিমধ্যেই এই সিদ্ধান্ত ঘোষণা করা হলেও এবার তা বাস্তবায়নের প্রক্রিয়া শুরু হচ্ছে।
নতুন ব্যবস্থায় যোগ্য প্রাপকদের প্রথমে অনলাইনে ইন্ডিয়ান রেলওয়ে (Indian Railway) কনসেশন কার্ড পোর্টালে নাম নথিভুক্ত করতে হবে। তথ্য যাচাইয়ের পর অনলাইনে ই-পাস দেওয়া হবে। সেই ই-পাস ব্যবহার করে আইআরসিটিসির ওয়েবসাইটের মাধ্যমে ট্রেনের টিকিট বুক করা যাবে। আগামী ১ নভেম্বর ২০২৬ থেকে এই টিকিট বুকিংয়ের সুবিধা চালু হবে। পুরো প্রক্রিয়াটিই অনলাইন ও কাগজবিহীন রাখার ব্যবস্থা করা হয়েছে।
আরও খবর : পঞ্জাবে ফের পুলিশকর্মীকে গুলি করে খুন,নিহত অমৃতসরে এএসআই হরজিত সিং
সুবিধা পাবেন ভারতের তিন সেনা অর্থাৎ সেনা, বায়ুসেনা ও বায়ুসেনার গ্যালান্ট্রি অ্যাওয়ার্ডপ্রাপকরা। নির্বাচিত প্রাপকরা প্রথম শ্রেণি, দ্বিতীয় শ্রেণির শীতাতপ নিয়ন্ত্রিত কামরা এবং শীতাতপ নিয়ন্ত্রিত চেয়ার কারে বিনামূল্যে যাতায়াত করতে পারবেন। পাশাপাশি একজন সঙ্গীও এই সুবিধা পাবেন। শুধু পদকপ্রাপক নন, নির্দিষ্ট ক্ষেত্রে পরিবারের সদস্যদেরও আজীবন বিনামূল্যে রেলযাত্রার সুবিধা দেওয়া হবে। তাঁদের মধ্যে রয়েছেন পদকপ্রাপকের স্বামী বা স্ত্রী এবং কর্তব্যরত অবস্থায় মৃত পদকপ্রাপকের বিধবা বা বিপত্নীক সঙ্গী, যদি তিনি পুনরায় বিয়ে না করে থাকেন। অবিবাহিত কোনও সেনাকর্মীকে মরণোত্তর বীরত্ব পদক দেওয়া হলে তাঁর বাবা-মাও এই সুবিধার যোগ্য হবেন।
১ নভেম্বর থেকে ইন্ডিয়ান রেলওয়ে কনসেশন কার্ড পোর্টালে আবেদন করতে হবে আবেদনকারীদের। সেখানে সমস্ত নথি দিতে হবে। তা যাচাইয়ের পরই আবেদনকারী যোগ্য হলে ট্রাভেল পাস পাবেন।
