কলকাতা: কলকাতা পুরসভার (Kolkata Corporation) ১০৪ নম্বর ওয়ার্ডের প্রাক্তন তৃণমূল (TMC) কাউন্সিলর তারকেশ্বর চক্রবর্তীকে গ্রেফতার করেছে সার্ভে পার্ক থানার পুলিশ। তাঁর বিরুদ্ধে তোলাবাজি, শ্লীলতাহানির চেষ্টা, মারধর, জোর করে আটকে রাখা, ভয় দেখানো-সহ একাধিক গুরুতর অভিযোগ রয়েছে। শুক্রবার গভীর রাতে তাঁকে গ্রেপ্তার করা হয়। শনিবার তাঁকে আলিপুর আদালতে (Alipore Court) পেশ করার কথা রয়েছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করার পর প্রাথমিক তথ্যপ্রমাণের ভিত্তিতেই এই পদক্ষেপ করা হয়েছে। তারকেশ্বর চক্রবর্তী একসময় কলকাতা পুরসভার ১০৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ছিলেন। পাশাপাশি তিনি বোরো ১১-এর চেয়ারম্যানের দায়িত্বও সামলেছেন। তদন্তকারীদের দাবি, তোলাবাজি এবং ভেড়ি দখল করে অর্থ আত্মসাতের অভিযোগও খতিয়ে দেখা হচ্ছে। এই ঘটনায় আর কারা জড়িত থাকতে পারেন, তাও তদন্ত করে দেখছে পুলিশ। পাশাপাশি অভিযুক্তের সম্পত্তির উৎস ও বৈধতা নিয়েও নজরদারি শুরু হয়েছে।
আরও পড়ুন: উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা, দক্ষিণবঙ্গেও বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবন
ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলেও শুরু হয়েছে জোর চর্চা। বিরোধী শিবির এই গ্রেফতারিকে সামনে রেখে রাজ্যের শাসক দলকে তীব্র আক্রমণ করেছে। যদিও এই বিষয়ে তৃণমূল কংগ্রেসের তরফে তাৎক্ষণিক কোনও প্রতিক্রিয়া সামনে আসেনি।
উল্লেখ্য, রাজ্যে সরকার পরিবর্তনের পর কলকাতা পুরসভার একাধিক প্রাক্তন কাউন্সিলর বিভিন্ন মামলায় গ্রেপ্তার হয়েছেন। সেই তালিকায় এবার যুক্ত হলেন তারকেশ্বর চক্রবর্তীর নামও। তদন্তকারীদের দাবি, মামলার সমস্ত দিক খতিয়ে দেখে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ করা হবে।
