ওয়েব ডেস্ক : অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) আপ্তসহায়ক সুমিত রায়ের (Sumit Roy) আইনি লড়াইয়ে আপাতত বড় ধাক্কা। কলকাতা হাইকোর্ট (Calcutta High Court) তাঁর গ্রেফতারিতে কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ না দেওয়ায়, আপাতত তাঁর গ্রেফতারিতে আইনি কোনও বাধা রইল না।
শুক্রবার আগাম জামিন সংক্রান্ত মামলাটি বিচারপতি সৌগত ভট্টাচার্যের এজলাসে ওঠে। তবে মামলার শুনানিতে প্রবেশ না করেই তিনি সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন। ফলে সুমিত রায়ের আগাম জামিনের আবেদনও ঝুলে রইল এবং অন্তর্বর্তী সুরক্ষাও মিলল না। এজলাসে শুনানির সময় সুমিত রায়ের আইনজীবী সব্যসাচী বন্দ্যোপাধ্যায় আদালতের কাছে অন্তর্বর্তী রক্ষাকবচের আবেদন জানান। আইনজীবীর উদ্দেশে বিচারপতি বলেন, “এই আদালতকে অস্বস্তিকর পরিস্থিতিতে ফেলবেন না।” এর জবাবে সুমিত রায়ের আইনজীবী আদালতে (Calcutta High Court) প্রশ্ন তোলেন, “এই পরিস্থিতিতে আমরা কোথায় যাব?” তবে সেই আবেদনেও সাড়া মেলেনি।
প্রসঙ্গত, প্রথমে বিচারপতি জয় সেনগুপ্তের এজলাসেই আগাম জামিনের আবেদন করেছিলেন সুমিত রায় (Sumit Roy)। বিচারপতি জয় সেনগুপ্ত মামলার কেস ডায়েরি ও আবেদনকারীর হলফনামা তলব করেছিলেন। কিন্তু বর্তমানে তিনি হাইকোর্টের সার্কিট বেঞ্চে থাকায় মামলার শুনানি সম্ভব হয়নি।এরপর মামলাটি বিচারপতি শুভ্রা ঘোষের বেঞ্চে ওঠে। তিনি জানিয়ে দেন, বিচারপতি জয় সেনগুপ্ত ফিরলেই তাঁর এজলাসেই মামলার শুনানি হবে। তাই তিনি মামলাটি শুনতে অস্বীকার করেন।
পরবর্তীতে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির কাছে নতুন বেঞ্চ গঠনের আবেদন করেন সুমিত রায়ের আইনজীবীরা। সেই আবেদনের ভিত্তিতেই মামলাটি বিচারপতি সৌগত ভট্টাচার্যের এজলাসে পাঠানো হয়। কিন্তু তিনিও বিচারপতি শুভ্রা ঘোষের অবস্থানকে সমর্থন করে মামলা থেকে সরে দাঁড়ালেন।
দেখুন অন্য খবর :
