11.7 C
New York

তৃণমূল-বিজেপি সংঘর্ষে রক্তাক্ত তাহেরপুর

Must Read

নদিয়া: নদিয়ার (Nadia) তাহেরপুরে (Taherpur) তৃণমূল (TMC) ও বিজেপির (BJP) সংঘর্ষকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠল গোটা এলাকা। দুই পক্ষের সংঘর্ষে একাধিক ব্যক্তি আহত হয়েছেন। তৃণমূলের অভিযোগ, পঞ্চায়েত সদস্যার স্বামীকে ধারালো অস্ত্র ও লোহার রড দিয়ে কুপিয়ে খুনের চেষ্টা করা হয়েছে। অন্যদিকে বিজেপির দাবি, তাদের মহিলা নেত্রীর বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর ও মারধর করেছে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় মোতায়েন করা হয়েছে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী।

ঘটনাটি ঘটেছে তাহেরপুর থানার অন্তর্গত বারাসাত গ্রাম পঞ্চায়েত এলাকায়। তৃণমূল পঞ্চায়েত সদস্যা রূপা দাসের স্বামী রিপন দাসের অভিযোগ, শুক্রবার সকালে তিনি স্থানীয় একটি চায়ের দোকানে গেলে আচমকাই বিজেপি কর্মী-সমর্থকরা তাঁর উপর হামলা চালায়। ধারালো অস্ত্র ও লোহার রড দিয়ে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। তাঁকে বাঁচাতে গেলে আক্রান্ত হন বিশ্বনাথ সন্ন্যাসী নামে আরও এক ব্যক্তি। গুরুতর জখম অবস্থায় দু’জনকে রানাঘাট হাসপাতালে ভর্তি করা হয়েছে। রিপনের মাথা ও হাতে গুরুতর চোট লাগে এবং একাধিক সেলাই পড়েছে বলে পরিবারের দাবি।

আরও পড়ুন: সোমেই নবান্নে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, বৈঠক জেলাশাসকদের সঙ্গে

আক্রান্তের অভিযোগ, এলাকায় হেরোইন বিক্রির বিরোধিতা করাতেই তাঁকে নিশানা করা হয়েছে। তৃণমূলের আরও দাবি, বর্তমানে রাজ্যে ক্ষমতার পালাবদলের পর বিজেপি কর্মীদের ‘বাড়বাড়ন্তে’ এই হামলার ঘটনা ঘটেছে। ঘটনায় তাহেরপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে আক্রান্তের পরিবার।

অন্যদিকে বিজেপির পাল্টা অভিযোগ, ভোট গণনার পর থেকেই এলাকায় তৃণমূল কর্মীরা ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে ভয় দেখাচ্ছিল। বিজেপির দাবি, ৫ তারিখ সকালে স্থানীয় একটি তৃণমূল পার্টি অফিস দখল করে সেখানে বিজেপির পতাকা লাগানো হলেও পরে তা খুলে দিয়ে অফিস ফেরত দেওয়া হয়।

বিজেপির অভিযোগ, শুক্রবার সকালে চায়ের দোকানে এক ব্যক্তি রিপন দাসকে বলেন, তিনি চাইলে ফের পার্টি অফিসে বসতে পারেন। সেই কথা শুনেই রিপন বিজেপির বিরুদ্ধে অশ্রাব্য ভাষায় গালিগালাজ শুরু করেন। এরপর বচসা থেকে হাতাহাতি বাধে। বিজেপির আরও অভিযোগ, পরে রিপন দাস দলবল নিয়ে বিজেপির মণ্ডল সম্পাদিকা রোহিনী বিশ্বাসের বাড়িতে হামলা চালান। বাড়িতে ভাঙচুরের পাশাপাশি রোহিনীর তিন ছেলেকে মারধর করা হয় বলে অভিযোগ। আহত দু’জন বর্তমানে কৃষ্ণনগরের শক্তিনগর জেলা হাসপাতালে চিকিৎসাধীন।

দুই পক্ষই তাহেরপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে। পুলিশ সূত্রে খবর, পরিস্থিতি নিয়ন্ত্রণে দ্রুত পদক্ষেপ করা হয়েছে। ইতিমধ্যেই দু’জনকে গ্রেফতার করা হয়েছে। এলাকায় পুলিশ পিকেট বসানো হয়েছে এবং কেন্দ্রীয় বাহিনীও মোতায়েন রয়েছে। ঘটনায় আর কারা জড়িত, তা খতিয়ে দেখছে তাহেরপুর থানার পুলিশ। রাজনৈতিক সংঘর্ষ ঘিরে এখন থমথমে গোটা এলাকা।

Latest News

পুদুচেরির মুখ্যমন্ত্রী হচ্ছেন এন রঙ্গস্বামী,  আনুষ্ঠানিকভাবে নিয়োগ করলেন রাষ্ট্রপতি

ওয়েবডেস্ক-   পুদুচেরির (Puducherry)  মুখ্যমন্ত্রী (CM) হচ্ছেন এন রঙ্গস্বামী (N Rangaswamy)  । তাঁকে আনুষ্ঠানিকভাবে নিয়োগ করলেন রাষ্ট্রপতি দ্রোপদী মুর্মু (President...

More Articles Like This