দক্ষিণ ২৪ পরগনা: আগামী ২১ মে ফলতা বিধানসভায় পুনর্নির্বাচন (Falta By Election), তার আগে সেখানে প্রচারে ঝড় তুললেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। মুখ্যমন্ত্রী হিসেবে এটাই ছিল তাঁর প্রথম রাজনৈতিক সভা । আর সেই সভা থেকেই তৃণমূল নেতা জাহাঙ্গীর খানকে (Jahangir Khan) তীব্র আক্রমণ করেন তিনি। একই সঙ্গে নাম না করে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও (Abhishek Banerjee) নিশানা করেন মুখ্যমন্ত্রী।
সভা থেকে শুভেন্দু অধিকারী বলেন, “কোথায় পুষ্পা, দেখা পাওয়া যাচ্ছে না কেন? এবার কাউকে অশান্তি করতে দেওয়া হবে না।” ২০২১ সালের ভোট-পরবর্তী হিংসার প্রসঙ্গ টেনে তিনি দাবি করেন, মানবাধিকার কমিশনের রিপোর্টে ১৯ জন কুখ্যাত অপরাধীর নাম ছিল, সেই তালিকায় জাহাঙ্গির খানের নামও রয়েছে। তাঁর কথায়, “সমস্ত অভিযোগের ব্যবস্থা হবে।”
আরও পড়ুন: রেললাইনের উপর রাস্তার দাবিতে গণবিক্ষোভ, গ্রেফতার তৃণমূল কাউন্সিলর
উল্লেখ্য, ফলতা বিধানসভার একাধিক বুথে ইভিএম কারচুপির অভিযোগ ওঠার পর গোটা কেন্দ্রেই পুনর্নির্বাচনের নির্দেশ দেয় নির্বাচন কমিশন। আগামী ২১ মে সেখানে ভোটগ্রহণ হবে। সেই নির্বাচনে বিজেপি প্রার্থী দেবাংশু পাণ্ডার সমর্থনে প্রচারে নেমে তৃণমূলকে তীব্র আক্রমণ করেন মুখ্যমন্ত্রী। শুভেন্দু বলেন, “ওই ডাকাতটা কোথায়? পুষ্পা না কী যেন নাম! সাধারণ নির্বাচনের সময় যত অভিযোগ এসেছে, সব কিছুর তদন্ত হবে।” সভা থেকে বিজেপি প্রার্থীকে এক লক্ষ ভোটে জয়ী করার আহ্বান জানান মুখ্যমন্ত্রী। পাশাপাশি ঘোষণা করেন, বিজেপি জিতলে ফলতার জন্য বিশেষ উন্নয়ন প্যাকেজ আনা হবে।
একই সঙ্গে তিনি অভিযোগ করেন, “ভাইপো যতদিন ছিলেন, ততদিন মানুষ ঠিকমতো ভোট দিতে পারেননি।” তবে এবার ফলতায় শান্তিপূর্ণ ভোট হবে বলেও আশ্বাস দেন তিনি। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদককে নিশানা করে শুভেন্দু আরও বলেন, “মাননীয় ভাইপোবাবু, লিপস অ্যান্ড বাউন্সে কাল পুরসভা থেকে তথ্য আনলাম। কলকাতায় ২৪টি সম্পত্তি রয়েছে। আমতলায় বিশাল অফিস।” সমস্ত হিসাব নেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।
দেখুন আরও খবর:
