ওয়েব ডেস্ক : উৎসবের মরশুমে বাজারে চিনির (Sugar) জোগান স্বাভাবিক রাখতে বড় পদক্ষেপ করল কেন্দ্রীয় সরকার (Central Government)। অতিরিক্ত চিনি মজুত করে রাখার প্রবণতা রুখতে এবার নির্দিষ্ট সীমা বেঁধে দেওয়া হয়েছে। নতুন নিয়ম অনুযায়ী, মাসে ১০ মেট্রিক টনের বেশি চিনি ব্যবহার করে এমন বড় ক্রেতারা ১৫ দিনের প্রয়োজনের বেশি চিনি মজুত রাখতে পারবেন না। আগামী ১ সেপ্টেম্বর থেকে এই নিয়ম কার্যকর হবে।
কেন্দ্রের এই নির্দেশ ৩০ নভেম্বর পর্যন্ত কার্যকর থাকার কথা। অর্থাৎ সেপ্টেম্বর থেকে নভেম্বরে উৎসবের ব্যস্ত মরশুমেই চিনির মজুতের উপর কড়া নজরদারি চালানো হবে। গত এক বছরে কোনও সংস্থার গড় মাসিক চিনি (Sugar) ব্যবহারের হিসাবের ভিত্তিতেই ঠিক করা হবে, তারা এই নতুন মজুতসীমার আওতায় পড়বে কি না।
আরও খবর : ভিডিয়ো বানালেই মিলবে টাকা! কনটেন্ট ক্রিয়েটরদের জন্য বড় ঘোষণা বিহার সরকারের
নতুন নিয়মের আওতায় আসবে মিষ্টি প্রস্তুতকারক, মিষ্টির দোকান, কোমল পানীয় উৎপাদক এবং বিভিন্ন খাদ্যপ্রক্রিয়াকরণ সংস্থা। চিনির কল থেকে বড় ক্রেতাদের কাছে কতটা চিনি যাচ্ছে, তার উপরও নজর রাখবে সরকার। সরাসরি বিক্রির পাশাপাশি ব্যবসায়ীদের মাধ্যমে হওয়া সরবরাহের হিসাবও পর্যবেক্ষণ করা হবে। কর সংক্রান্ত নথি এবং চিনির নির্দিষ্ট পণ্য কোড ব্যবহার করে বিক্রি ও ব্যবহারের তথ্য যাচাই করার ব্যবস্থা রাখা হয়েছে।
তবে কেন্দ্র ও রাজ্য সরকারের বিভিন্ন প্রতিষ্ঠান, কেন্দ্রশাসিত অঞ্চলের প্রশাসন এবং স্থানীয় প্রশাসনের আওতাধীন সংস্থাগুলিকে এই নিয়মের বাইরে রাখা হয়েছে। সরকারের লক্ষ্য, উৎসবের আগে বাজারে কৃত্রিম সংকট তৈরি হওয়ার সম্ভাবনা কমানো এবং সাধারণ মানুষের জন্য চিনির সরবরাহ বজায় রাখা। উৎসবের সময়ে সাধারণত চিনির চাহিদা বাড়ে। সেই সময় মজুতদারি রুখে দাম নিয়ন্ত্রণে রাখতেই এই পদক্ষেপ বলে মনে করা হচ্ছে।
