ওয়েব ডেস্ক: পাকিস্তান ক্রিকেটের দুর্দশার কোনও অন্ত নেই। হেডিংলি, লর্ডস এবং তারপর এজবাস্টন, বাবর আজমদের (Babar Azam) ব্যাটিং দেখলে ক্লাবস্তরের থেকেও নিম্ন মানের মনে হতে বাধ্য। এজবাস্টনের আকাশ মেঘলা, বল সুইং করছে, কিন্তু পিচে বিরাট কোনও জুজু নেই। তা সত্ত্বেও ১০০ পেরোতে সাত উইকেট পড়ে গেল। পাকিস্তান প্রথম ইনিংসে অল আউট হয়ে গেলে মাত্র ১৩৩ রানে।
লর্ডস টেস্টে ১৯৪ রানে শোচনীয় হারের পরে, দলের অর্ধেক খেলোয়াড় এমনকী কোচিং স্টাফের কয়েকজনকে দেশে ফেরত পাঠিয়ে দেয় পাকিস্তান ক্রিকেট বোর্ড (PCB)। ইংল্যান্ডে পাঠানো হয় একাধিক আনকোরাদের। বুধবার বাবর আজম টিম লিস্ট দেওয়ায় দেখা গেল, এজবাস্টনে চারটে পরিবর্তন করা হয়েছে, এবং অভিষেক ঘটছে তিনজনের।
আরও পড়ুন: আজ লিভারপুল বনাম অ্যাতলেটিকো, খেলবে পিএসজি, আর্সেনালও
এতসব বদল, খোলনলচে পাল্টেও লাভ হয়নি। টসে জিতে বল করার সিদ্ধান্ত নেন ইংলিশ অধিনায়ক জো রুট (Joe Root)। আট রানে এক উইকেট, ১২ রানে ২, ২৪ রানে ৩, এভাবে শোভাযাত্রা করলেন পাক ব্যাটাররা। অধিনায়ক বাবর ১৮ বলে ৭ রান করে জশ টংয়ের বলে বোল্ড। পাকিস্তানের এই দলটায় একমাত্র সৌদ শাকিলকে দেখে মনে হচ্ছে, তিনি টেস্ট ক্রিকেট স্তরের ব্যাটার। আর কেউ নয়।
একটা টেস্ট ক্রিকেট খেলিয়ে দল টিকল মাত্র ৩৩.৫ ওভার। পরিবেশ পরিস্থিতি যত প্রতিকূল হোক, লাগাতার এরকম ব্যাটিং বিপর্যয় মানে গোড়ায় গলদ। ইংল্যান্ডের হয়ে চার উইকেট নিয়েছেন টং। তিনটি করে পেলেন জফ্রা আর্চার এবং অলি রবিনসন।
