দক্ষিণবঙ্গে টানা বৃষ্টি, কোথাও স্রোতে বাইক ভাসল, কোথাও জলের তলায় সেতুতে আটকে লরি

Must Read

কলকাতা: টানা বৃষ্টিতে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় জলমগ্ন পরিস্থিতি (Weather Kolkata)। পুরুলিয়া, আসানসোল এবং বাঁকুড়ায় ভারী বৃষ্টির জেরে রাস্তাঘাট, নিচু এলাকা, সেতু এবং কৃষিজমিতে জল জমেছে। কোথাও প্রবল স্রোতে বাইক-সহ ভেসে গেলেন এক ব্যক্তি, আবার কোথাও জলের তলায় চলে যাওয়া সেতু পার হতে গিয়ে মাঝপথে আটকে পড়ল লোহা বোঝাই লরি (Waterlogged Kolkata)।

পুরুলিয়ায় দীর্ঘক্ষণ ধরে বৃষ্টির জেরে একাধিক রাস্তা জলমগ্ন হয়ে পড়ে। পুরুলিয়া-বরাকর স্টেট হাইওয়ে থেকে বাঁকুড়ার দিকে যাওয়ার মূল রাস্তার বেশ কিছু অংশও জলের তলায় চলে যায়। সেই জল পার হওয়ার চেষ্টা করতেই বিপত্তি। প্রবল স্রোতে বাইক-সহ ভেসে যান এক বাইক আরোহী। স্থানীয়দের তৎপরতায় পরে তাঁকে নিরাপদে উদ্ধার করা হয়। জেলার একাধিক নিচু এলাকা, মাঠ এবং ধানের জমিও জলের তলায় চলে গিয়েছে।

আরও খবর : কলকাতা বিমানবন্দরের পুরনো এটিসি ভবনে আগুন, ভোরে ছড়াল আতঙ্ক!

অন্য দিকে, রাতভর বৃষ্টিতে জল ঢুকে পড়ে আসানসোলের রেলপারের বিস্তীর্ণ এলাকায়। বহু বাড়িতে ঢুকে যায় বৃষ্টির জল। কোথাও হাঁটুসমান জল, কোথাও আবার ঘরের ভিতরেও জল জমে যায়। জলমগ্ন রাস্তায় ব্যাহত হয় স্বাভাবিক যাতায়াত। স্থানীয়দের অভিযোগ, প্রতি বছর বর্ষায় এই এলাকায় জল জমলেও স্থায়ী সমাধানের ব্যবস্থা হয়নি।

বাঁকুড়াতেও গত ২৪ ঘণ্টায় মরসুমের রেকর্ড বৃষ্টির জেরে নদীগুলির জলস্তর বেড়েছে। গন্ধেশ্বরী নদীর জল বাড়ায় জলের তলায় চলে যায় মানকানালি সেতু। সেই অবস্থাতেই সেতু পার হওয়ার চেষ্টা করে মাঝপথে আটকে পড়ে লোহা বোঝাই একটি লরি। চালক এবং খালাসি প্রাণে বেঁচে গেলেও জলের মধ্যে আটকে রয়েছে লরিটি।

বৃষ্টি আরও চললে নদীর জলস্তর বাড়ার পাশাপাশি প্লাবনের আশঙ্কাও রয়েছে। প্রশাসনের তরফে জলমগ্ন রাস্তা ও সেতু পারাপারের ক্ষেত্রে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হচ্ছে।

Latest News

শেলটনের অবিশ্বাস্য জয়, ইউএস ওপেন থেকে বিদায় আলকারাজের

ওয়েব ডেস্ক: ইউএস ওপেনে (US Open 2026) সবথেকে বড় অঘটন হয়ে গেল। খেতাব জেতার এক নম্বর দাবিদার কার্লোস আলকারাজ...

More Articles Like This