কলকাতা: এসআইআর বা বিশেষ নিবিড় সংশোধনের পর ভোটার তালিকা থেকে বাদ পড়া যোগ্য নাগরিকদের নাম ফেরাতে বিশেষ উদ্যোগ নিল নির্বাচন কমিশন। এসআইআর প্রক্রিয়া শেষ হওয়া ২০টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে বুথ লেভেল অফিসারদের (বিএলও) বাড়ি বাড়ি গিয়ে বাদ পড়া ভোটারদের চিহ্নিত করার নির্দেশ দেওয়া হয়েছে। তাঁদের যোগ্যতা যাচাইয়ের পর প্রয়োজন হলে ফর্ম-৬ পূরণে সাহায্য করবেন বিএলওরা।
কমিশনের নির্দেশ অনুযায়ী, আগের ভোটার তালিকার সঙ্গে বর্তমান তালিকা মিলিয়ে দেখতে হবে। আগের তালিকায় নাম থাকা সত্ত্বেও বর্তমানে নাম নেই—এমন ভোটারদের চিহ্নিত করে তাঁদের একটি তালিকা তৈরি করতে বলা হয়েছে। এর পাশাপাশি প্রথম বার ভোটার হতে চলা বা এখনও ভোটার তালিকায় নাম ওঠেনি, এমন যোগ্য নাগরিকদেরও এই বিশেষ অভিযানের আওতায় আনা হবে।
বিএলওদের প্রায় এক মাস ধরে এই কাজ চালানোর নির্দেশ দেওয়া হয়েছে। প্রতি সপ্তাহে অন্তত ২০-২৫ জন এমন ভোটারের কাছে পৌঁছে তাঁদের নাম অন্তর্ভুক্তির প্রক্রিয়ায় সাহায্য করতে বলা হয়েছে। পশ্চিমবঙ্গের ক্ষেত্রেও জেলা নির্বাচন আধিকারিকদের কাছে এই নির্দেশ পৌঁছেছে বলে জানা গিয়েছে।
বিশেষ অভিযানের সময় কোনও যোগ্য ভোটারের নাম বাদ পড়ে থাকলে, তাঁর কাছ থেকে সরাসরি ফর্ম-৬ পূরণ করিয়ে নেওয়ার নির্দেশ রয়েছে। কমিশনের বক্তব্য, ভোটার তালিকায় নাম তোলা একটি ধারাবাহিক প্রক্রিয়া এবং এসআইআর-এর সময় কোনও যোগ্য নাগরিকের নাম অন্তর্ভুক্ত না হলেও তাঁকে পরবর্তী পর্যায়ে নাম নথিভুক্ত করার সুযোগ দিতে হবে।
এদিকে এসআইআর পর্বে বিপুল সংখ্যক নাম বাদ পড়া নিয়ে রাজনৈতিক ও প্রশাসনিক মহলে বিতর্ক তৈরি হয়েছে। বাদ পড়া নামগুলি কী কারণে তালিকা থেকে সরানো হয়েছে, তা নিয়েও বিভিন্ন মহলে প্রশ্ন উঠেছে। কমিশন অবশ্য জানিয়েছে, যোগ্য কোনও নাগরিক যাতে ভোটাধিকার থেকে বঞ্চিত না হন, তা নিশ্চিত করতেই এই বিশেষ উদ্যোগ।
ফলে আগামী কয়েক সপ্তাহে বিএলওদের বাড়ি বাড়ি যাওয়ার মাধ্যমে বাদ পড়া ভোটারদের নাম চিহ্নিত ও পুনরায় নথিভুক্ত করার প্রক্রিয়া জোরদার হতে চলেছে।
