ককপিটের কুঠার দিয়েই ভারতীয় ক্যাপ্টেনকে হামলা! ফ্লাইদুবাই কাণ্ডে বিবৃতি দিল সংযুক্ত আরব আমিরশাহি

Must Read

ওয়েব ডেস্ক : ফ্লাইদুবাই (Flydubai) বিমানের ককপিটে ভারতীয় ক্যাপ্টেন স্মিত মচ্ছরের উপর হামলার ঘটনায় চাঞ্চল্যকর তথ্য সামনে এল। সংযুক্ত আরব আমিরশাহির প্রসিকিউটর জেনারেল জানিয়েছেন, অভিযুক্ত সহকারী পাইলট ককপিটে রাখা কুঠার ব্যবহার করেই ক্যাপ্টেনকে আক্রমণ করেছিলেন। একই সঙ্গে বিমানটির নিয়ন্ত্রণ নেওয়ারও চেষ্টা করেছিলেন তিনি। ঘটনাটিকে ‘সন্ত্রাসবাদী হামলার চেষ্টা’ হিসেবে উল্লেখ করেছে সংযুক্ত আরব আমিরশাহি। ঘটনার তিন দিন পর এই প্রথম বিস্তারিত বিবৃতি দিল সে দেশের কর্তৃপক্ষ।

দুবাই থেকে ইজরায়েলের তেল আভিভ যাচ্ছিল ফ্লাইদুবাইয়ের (Flydubai) বিমানটি। যাত্রী ও কর্মী মিলিয়ে বিমানে প্রায় ১৮২ জন ছিলেন। মাঝ আকাশে দুই পাইলটের মধ্যে বচসা শুরু হয় বলে অভিযোগ। এরপরই পরিস্থিতি ভয়াবহ আকার নেয়। বিমানটি আচমকাই প্রায় ১৪ হাজার ফুট নীচে নেমে যায় বলে জানা গিয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার পর যাত্রী ও কেবিন ক্রুদের একাংশ ককপিটে ঢুকে অভিযুক্ত সহকারী পাইলটকে নিয়ন্ত্রণে আনেন। এর পর জরুরি ভিত্তিতে বিমানটি সৌদি আরবের তাবুক বিমানবন্দরে অবতরণ করে। সেখানেই অভিযুক্তকে আটক করা হয়। পরে সৌদি কর্তৃপক্ষ তাঁকে সংযুক্ত আরব আমিরশাহির হাতে তুলে দেয়।

আরও খবর :  মধ্যপ্রাচ্যে আরও শক্তি বাড়াচ্ছে আমেরিকা, পাঠানো হচ্ছে তৃতীয় এয়ারক্রাফট ক্যারিয়ার-সহ ১০ হাজার সেনা

প্রাথমিক ভাবে ধারণা করা হয়েছিল, কোনও ধারালো ছুরি দিয়ে ভারতীয় ক্যাপ্টেনের উপর হামলা চালানো হয়েছিল। পরে ফ্লাইদুবাই কর্তৃপক্ষ জানায়, ককপিটে রাখা কুঠারই হামলায় ব্যবহৃত হয়ে থাকতে পারে। বিমানের ককপিটে জরুরি পরিস্থিতির জন্য এই ধরনের কুঠার রাখা হয়। তদন্তের পর আমিরশাহি কর্তৃপক্ষও সেই তথ্যই নিশ্চিত করেছে।

অভিযুক্ত সহকারী পাইলটের নাম হামাম আল-হাম্মামি বলে একাধিক আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়েছে। তিনি ওমানের নাগরিক এবং তাঁর জন্ম সংযুক্ত আরব আমিরশাহিতে বলে তদন্ত-সংশ্লিষ্ট সূত্রের দাবি। তাঁর অতীত নিয়েও তদন্তকারীরা খোঁজখবর করছেন। ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদন অনুযায়ী, হামাম এর আগে ওমান এয়ারে কাজ করতেন। কট্টরপন্থী মতাদর্শের সঙ্গে তাঁর যোগাযোগের অভিযোগে ওমান কর্তৃপক্ষ তাঁকে পাইলট হিসেবে নিষিদ্ধ করেছিল বলে কয়েকটি সূত্রের খবর।

Latest News

কাজে এল না রাহুলের সেঞ্চুরি, শেষ ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজের কাছে হারল ভারত

ওয়েব ডেস্ক : তিন ম্যাচের এদকদিনের সিরিজে অবশেষে জয় পেল ওয়েস্ট ইন্ডিজ (West Indies)। সোমবার চণ্ডিগড়ে ভারতের (India) বিরুদ্ধে...

More Articles Like This