ওয়েব ডেস্ক : অনলাইন ট্রোলিং নিয়ে বিগ বস ২০ (Big Boss 20)-এর মঞ্চে সরব সলমন খান (Salman Khan)। ‘উইকেন্ড কা ভার’-এর পর্বে প্রতিযোগী স্কাউটের মন্তব্যের প্রসঙ্গ ধরে অভিনেতা জানান, তাঁকেও বয়স, ওজন ও চেহারা নিয়ে নিয়মিত কটাক্ষের মুখে পড়তে হয়। ট্রোলারদের জবাব দিতে মঞ্চেই টুপি ও জ্যাকেট খুলে ‘এবার করো ট্রোলিং’ বলে চ্যালেঞ্জ ছুড়ে দেন সলমন।
গত সপ্তাহে স্কাউট তাঁর গেমিং সম্প্রদায়কে বলেছিলেন, তিনি কোনও ভুল কথা বললে যেন তাঁকে ট্রোল করা হয়। সেই প্রসঙ্গেই সলমন প্রশ্ন তোলেন, কাউকে ট্রোল করার পিছনে কী ধরনের মানসিকতা কাজ করে। নিজের অভিজ্ঞতার কথা বলতে গিয়ে অভিনেতা জানান, তাঁকেও ‘ভাই মোটা হয়ে গিয়েছে’ ধরনের মন্তব্য শুনতে হয়। এরপরই টুপি ও জ্যাকেট খুলে ট্রোলারদের উদ্দেশে কড়া বার্তা দেন তিনি।
তবে শুধু নিজের প্রসঙ্গেই থেমে থাকেননি সলমন (Salman Khan)। প্রাক্তন প্রেমিকা ক্যাটরিনা কাইফকে নিয়েও ট্রোলিংয়ের বিরুদ্ধে কথা বলেন অভিনেতা। ক্যাটরিনার মা হওয়ার পর ওজন বৃদ্ধি নিয়ে যে ধরনের কটাক্ষ করা হচ্ছে, তা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন তিনি। সলমন বলেন, কোনও মহিলা অন্তঃসত্ত্বা হলে বা সন্তান জন্ম দেওয়ার পর তাঁর শরীরে স্বাভাবিক পরিবর্তন আসতেই পারে। পরে সিনেমায় ফিরলে তিনি আবার আগের মতো ফিট হয়ে উঠতে পারেন। এই সময় পরিবারের সঙ্গে কাটানো মুহূর্ত নিয়েও কাউকে ট্রোল করা উচিত নয় বলে জানান অভিনেতা।
আরও খবর : বিগ বসের মঞ্চে হঠাৎ অসুস্থ সলমন খান? ভাইরাল প্রোমো নিয়ে মুখ খুললেন অভিনেতা
সলমনের বক্তব্য, কারও চেহারা বা ওজন নিয়ে উদ্বেগ প্রকাশ করা এবং তাঁকে নিয়ে মজা করার মধ্যে স্পষ্ট পার্থক্য রয়েছে। কেউ যদি কোনও অভিনেতার স্বাস্থ্য বা চেহারা নিয়ে চিন্তা প্রকাশ করেন, তা তিনি বুঝতে পারেন। কিন্তু ব্যক্তিগত আক্রমণ বা অপমানজনক মন্তব্যকে সমর্থন করেন না তিনি।
ট্রোলারদের উদ্দেশে সলমন (Salman Khan) বলেন, অন্যের সম্পর্কে মন্তব্য করার আগে নিজেদের চেহারা, শরীর এবং পরিবারের সদস্যদের দিকে তাকানো উচিত। তাঁর কথায়, শুধু তাঁকেই নয়, সোহেল খান, বরুণ ধবন-সহ বিনোদন জগতের একাধিক মানুষকেও অনলাইনে কটাক্ষ করা হয়। নিজের পোশাক নিয়েও ট্রোলিংয়ের প্রসঙ্গ তোলেন সলমন। একই পোশাক পরা কিংবা ছেঁড়া জুতো ব্যবহার করা নিয়ে মন্তব্য করা হলেও তাতে তিনি বিশেষ গুরুত্ব দেন না বলে জানান। পাশাপাশি অভিনেতা বলেন, অনেকেই নেতিবাচক মন্তব্য সামলাতে না পেরে গভীর অবসাদে চলে যান। তাই অনলাইনে মন্তব্য করার সময় সংবেদনশীল হওয়া প্রয়োজন। এদিন নিজের টাক পড়া চেহারা নিয়েও কথা বলেন সলমন। তিনি জানান, তাঁর বর্তমান চেহারা একটি ছবির লুকের অংশ।
