ওয়েব ডেস্ক : প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীওয়াল (Arvind Kejriwal) আগেই এসআইআর (SIR) নোটিস পেয়েছিলেন। এবার সেই তালিকায় নাম উঠল দিল্লির বর্তমান মুখ্যমন্ত্রী রেখা গুপ্তারও (Rekha Gupta)। ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর প্রক্রিয়ায় তথ্যের অসঙ্গতির কারণে রেখা গুপ্তা-সহ একাধিক ব্যক্তিকে নোটিস পাঠিয়েছে নির্বাচন কমিশন (Election Commission)। তবে শারীরিক যাচাইয়ের পর রেখা গুপ্তার ভোটার সংক্রান্ত তথ্য বৈধ বলে নিশ্চিত করা হয়েছে।
নোটিসপ্রাপ্ত বিশিষ্ট ব্যক্তিদের তালিকায় অরবিন্দ কেজরীওয়াল, তাঁর পরিবারের সদস্য এবং রাজ্যসভার সাংসদ কপিল সিবালের নাম রয়েছে। কেজরীওয়াল, তাঁর স্ত্রী সুনীতা, ছেলে পুলকিত এবং বাবা-মাকে আগের এসআইআর তালিকার সঙ্গে নামের সংযোগ না থাকার কারণে ‘আনম্যাপড’ শ্রেণিতে রাখা হয়েছে। তাঁদের ভোটার তথ্য যাচাইয়ের পর পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছে নির্বাচন দফতর।
আরও খবর : মুম্বইয়ে নিয়ন্ত্রণ হারাল বেপরোয়া BMW, মৃত ৩, সংকটাপন্ন ১
আপের তরফে জানানো হয়েছে, নয়াদিল্লি বিধানসভা কেন্দ্রের যে অংশে কেজরীওয়াল ও তাঁর পরিবার ভোটার হিসেবে নথিভুক্ত, সেখানে মোট ১১০ জনকে নোটিস পাঠানো হয়েছে। বিষয়টি নিয়ে নির্বাচন কমিশনের ভূমিকা সম্পর্কে প্রশ্ন তুলেছে আম আদমি পার্টি। অন্যদিকে, রেখা গুপ্তার ক্ষেত্রে তাঁর গণনা ফর্মে বয়স সংক্রান্ত অসঙ্গতি চিহ্নিত হয়েছিল। রিপোর্ট অনুযায়ী, ভোটার রেকর্ডে তাঁর সঙ্গে বাবা-মায়ের বয়সের ব্যবধান ১৫ বছরের কম দেখানো হয়েছিল। এরপর বুথ লেভেল অফিসার বাড়িতে গিয়ে শারীরিক যাচাই করেন। নথি ও তথ্য পরীক্ষা করার পরে তাঁর নাম চূড়ান্ত ভোটার তালিকায় রাখার বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
আসলে একা রেখা গুপ্ত নন, দিল্লির প্রায় ৩৩ লক্ষ ভোটারের বাড়িতে নোটিস পৌঁছেছে। নোটিসপ্রাপ্ত ভোটারদের নির্দিষ্ট সময়ের মধ্যে প্রয়োজনীয় নথি ও জবাব সংশ্লিষ্ট নির্বাচনী আধিকারিকের কাছে জমা দিতে হবে। চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের আগে যাচাই প্রক্রিয়া সম্পন্ন করার সুযোগ দেওয়া হচ্ছে বলে জানিয়েছে নির্বাচন দফতর।
