৭২ ঘণ্টা পর শেষ উদ্ধারকাজ, তারাতলার ধ্বংসস্তূপে পুলিশের কড়া পাহারা

Must Read

ওয়েব ডেস্ক : তারাতলার (Taratala) নির্মীয়মাণ গুদাম ভেঙে ভয়াবহ দুর্ঘটনার প্রায় ৭২ ঘণ্টা পর শেষ হল উদ্ধার অভিযান। পুলিশ (Police) সূত্রে খবর, ধ্বংসস্তূপে আর কেউ আটকে নেই বলে প্রাথমিকভাবে নিশ্চিত হওয়ার পর একে একে ঘটনাস্থল ছাড়তে শুরু করেছে উদ্ধারকারী দল। তবে উদ্ধারকাজ শেষ হলেও এলাকা এখনও পুলিশের কড়া নিরাপত্তায় ঘেরা। কারণ, এবার তদন্তের মূল কেন্দ্রবিন্দু ধ্বংসস্তূপে থাকা বিভিন্ন নমুনা ও প্রমাণ।

ইতিমধ্যেই দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে ১১ সদস্যের উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করেছে রাজ্য সরকার। যুব কল্যাণ ও ক্রীড়া দফতরের অতিরিক্ত মুখ্যসচিব রাজেশ কুমার সিনহার নেতৃত্বে গঠিত এই কমিটিতে কলকাতা পুরসভা, দমকল, পুলিশ, বিপর্যয় মোকাবিলা দফতর, পূর্ত দফতর-সহ একাধিক সংস্থার প্রতিনিধিদের রাখা হয়েছে। আগামী সাত দিনের মধ্যে সরকারের কাছে তদন্ত রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

আরও খবর : তারাতলা-কাণ্ডের পর কড়া নজরদারি, নির্মীয়মাণ বাণিজ্যিক ভবন খতিয়ে দেখতে বিশেষ টিম গড়ছে কলকাতা পুরসভা

এদিকে, পুলিশের (Police) অনুরোধে শনিবার ঘটনাস্থল ঘুরে দেখেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের নির্মাণ প্রযুক্তি বিভাগের বিশেষজ্ঞদের একটি দল। অধ্যাপক পার্থপ্রতিম বিশ্বাসের নেতৃত্বে পাঁচ সদস্যের দল প্রাথমিক পর্যবেক্ষণ করে জানায়, উদ্ধারকাজ সম্পূর্ণ শেষ হওয়ার পরই বিস্তারিত পরিদর্শন সম্ভব হবে। ঘটনাস্থল থেকে বিভিন্ন নমুনা সংগ্রহ করে পরীক্ষাগারে বিশ্লেষণ করা হবে। পাশাপাশি মাটির গুণমান এবং নির্মাণের কাঠামোগত দিকও পরীক্ষা করা হবে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা।

উল্লেখ্য, গত বুধবার নির্মীয়মাণ গুদামটি আচমকা ধসে পড়ে অন্তত ১৭ জন শ্রমিকের মৃত্যু হয়। সেই ঘটনার পর থেকেই যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধার অভিযান চালানো হয়। এবার তদন্তেই স্পষ্ট হবে, নির্মাণে গাফিলতি নাকি অন্য কোনও কারণে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে।

দেখুন অন্য খবর :

Latest News

মাত্র ৫ মিনিটের গুগল মিট! একসঙ্গে চাকরি গেল ৮০ ভারতীয় কর্মীর

ওয়েব ডেস্ক : চাকরি থেকে ছাঁটাইয়ের (Layoffs) খবর এল মাত্র কয়েক মিনিটের ভার্চুয়াল বৈঠকে। একসঙ্গে প্রায় ৮০ জন ভারতীয়...

More Articles Like This