11.7 C
New York

গ্যাসের দাম নিয়ে প্রতিবাদে পথে মমতা

Must Read

কলকাতা: রান্নার গ্যাসের মূল্যবৃদ্ধি (LPG Price Hike) ও জ্বালানি সংকটের প্রতিবাদে রাজপথে নামছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। আগামী ১৬ মার্চ, সোমবার কলকাতায় (Kolkata) মহামিছিলের ডাক দিয়েছেন তৃণমূল সুপ্রিমো। বিকেল চারটেয় কলেজ স্কোয়ার থেকে মিছিল শুরু হয়ে ডরিনা ক্রসিংয়ে গিয়ে শেষ হবে।

মমতার অভিযোগ, কেন্দ্রীয় সরকারের গাফিলতির জেরেই আজ দেশে জ্বালানি ও এলপিজি নিয়ে অরাজক পরিস্থিতি তৈরি হয়েছে। তাঁর দাবি, পশ্চিম এশিয়ায় যুদ্ধ শুরু হওয়ার পরও পরিস্থিতি মোকাবিলায় কোনও প্রস্তুতি নেয়নি কেন্দ্র। গ্যাস যে সাধারণ মানুষের নিত্যপ্রয়োজনীয় দ্রব্য, তা মাথায় রেখেও কোনও বিকল্প পরিকল্পনা করা হয়নি বলেও অভিযোগ করেন তিনি। মুখ্যমন্ত্রী আরও দাবি করেন, কোনও আগাম পরিকল্পনা ছাড়াই গ্যাস বুকিংয়ের ক্ষেত্রে ২৫ দিনের নতুন নিয়ম চালু করেছে কেন্দ্র। এর ফলে সাধারণ মানুষের ভোগান্তি ও উদ্বেগ আরও বেড়েছে।

আরও পড়ুন: নতুন রাজ্যপাল আর এন রবির শপথ, দেখুন সরাসরি

প্রসঙ্গত, পশ্চিম এশিয়া ও আরব দুনিয়ার সংঘাত এখন দ্বিতীয় সপ্তাহে। যুদ্ধের প্রভাব ধীরে ধীরে ছড়িয়ে পড়ছে বিশ্বজুড়ে। এর জেরে সবচেয়ে বড় ধাক্কা লেগেছে জ্বালানি সরবরাহে। কারণ, আরব দেশগুলি থেকে বিশ্বের সিংহভাগ তেল পরিবহণ হয় হরমুজ প্রণালী দিয়ে। যুদ্ধ পরিস্থিতির কারণে সেই গুরুত্বপূর্ণ জলপথ কার্যত বন্ধ হয়ে যাওয়ায় জ্বালানি সরবরাহে বড়সড় সংকট তৈরি হয়েছে। এই পরিস্থিতির জন্য কেন্দ্রীয় সরকারকেই দায়ী করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর প্রশ্ন, দেশে কত পরিমাণ গ্যাস মজুত রয়েছে, তা কেন জানানো হচ্ছে না? কেন আগাম পরিস্থিতি বিচার করে পদক্ষেপ নেওয়া হয়নি? এই সমস্ত প্রশ্ন তুলে সোমবার রাজপথে নামছেন তিনি।

এদিকে বৃহস্পতিবার জেলাশাসক ও পুলিশ সুপারদের নিয়ে বৈঠকে বসার কথা রয়েছে মুখ্যমন্ত্রীর। রান্নার গ্যাসের সংকট দ্রুত কাটাতে ডিলারদের রাজ্যের মজুত গ্যাস বাইরে না পাঠানোর পরামর্শ দিয়েছেন তিনি। পাশাপাশি কেন্দ্রের কাছে দাবি জানিয়েছেন, দেশের মোট গ্যাস মজুত কত রয়েছে তা সংসদে জানাতে হবে এবং প্রতিটি রাজ্যকে সমানভাবে গ্যাস সরবরাহ নিশ্চিত করতে হবে।

Latest News

অ্যাম্বুল্যান্সে করে ভোট কেন্দ্রে সাংসদ মিতালি

ওয়েব ডেস্ক: হাসপাতাল থেকে ছুটি পেয়েই ভোট কেন্দ্রে তৃণমূল সাংসদ মিতালি বাগ (MP Mitali Bag)। অ্যাম্বুল্যান্সে করে এসে ভোট...

More Articles Like This