ওয়েব ডেস্ক : পুজোর আগে মালদহের (Malda) মানুষের জন্য নতুন উদ্যোগ নিল রাজ্য সরকার (West Bengal Government)। জেলার প্রতিটি পরিবারকে স্বাস্থ্যসম্মত শৌচাগারের আওতায় আনতে শুরু হয়েছে ‘নব দিশা’ কর্মসূচি। এই প্রকল্পের মাধ্যমে আর্থিকভাবে দুর্বল পরিবারগুলিকে বাড়িতে শৌচাগার তৈরির জন্য ১২ হাজার টাকা পর্যন্ত ঋণ দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে।
মালদহ (Malda) জেলা প্রশাসনের সমীক্ষায় উঠে এসেছে, এখনও জেলার প্রায় ২৫ হাজার পরিবারের নিজস্ব শৌচাগার নেই। এই পরিস্থিতিতে স্বাস্থ্যসম্মত শৌচাগার তৈরির পাশাপাশি সাধারণ মানুষের জীবনযাত্রার মান উন্নত করতেই নতুন কর্মসূচি নেওয়া হয়েছে।
আরও খবর : দুপুর ১টা পর্যন্ত রেজিনগরে ও নন্দীগ্রামে কত শতাংশ ভোট পড়ল?
‘নব দিশা’ প্রকল্পে সরাসরি অনুদান দেওয়ার পরিবর্তে ঋণের মাধ্যমে শৌচাগার তৈরির মডেল বেছে নিয়েছে জেলা প্রশাসন। জানা গিয়েছে, ব্যক্তিগত গৃহস্থালি শৌচাগার তৈরির এই উদ্যোগকে স্বচ্ছ ভারত মিশন এবং রাজ্য গ্রামীণ জীবিকা মিশনের স্বনির্ভর গোষ্ঠীগুলির সঙ্গে যুক্ত করা হয়েছে। স্বনির্ভর গোষ্ঠীর সদস্যরা সংঘ সমবায়ের মাধ্যমে প্রাতিষ্ঠানিক ঋণ নিয়ে সংশ্লিষ্ট পরিবারের শৌচাগার নির্মাণে সহযোগিতা করবেন।
শৌচাগার তৈরির কাজ শেষ হওয়ার পর তার ছবি সরকারি পোর্টালে আপলোড করতে হবে। এরপর সরকারি সহায়তার টাকা উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠানো হবে। সেই অর্থ ব্যবহার করেই সংশ্লিষ্ট পরিবার নেওয়া ঋণ পরিশোধ করবে।
প্রশাসনের লক্ষ্য, এই উদ্যোগের মাধ্যমে মালদহের যে সমস্ত পরিবার এখনও নিজস্ব শৌচাগারের সুবিধা থেকে বঞ্চিত, তাদের ধীরে ধীরে স্বাস্থ্যসম্মত শৌচাগারের আওতায় নিয়ে আসা।
