ওয়েব ডেস্ক: ক্যামাক স্ট্রিটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসের বিলবোর্ড খোলাকে কেন্দ্র করে গোলমালের ঘটনায় ফের তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়িতে গেল পুলিশ। বুধবার নোটিস হাতে নিয়ে তাঁর বাড়িতে পৌঁছয় শেক্সপিয়র থানার পুলিশ। তবে সেই সময় অভিষেক বন্দ্যোপাধ্যায় বাড়িতে ছিলেন না বলে জানা গিয়েছে। ফলে এদিন তাঁর হাতে নোটিস তুলে দেওয়া সম্ভব হয়নি বলে পুলিশ সূত্রে খবর।
জানা গিয়েছে, ক্যামাক স্ট্রিটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসে লাগানো বিলবোর্ড খোলাকে কেন্দ্র করে গত ২৭ আগস্ট উত্তেজনা ছড়ায়। বিলবোর্ডটি সরাতে যাওয়া কলকাতা পুরসভার কর্মী এবং পুলিশের সঙ্গে অফিসের নিরাপত্তারক্ষীদের একাংশের ধস্তাধস্তি হয় বলে অভিযোগ। পরিস্থিতি সামাল দিতে গিয়ে কয়েকজন পুলিশকর্মী সিঁড়িতে পড়ে যান বলেও অভিযোগ ওঠে। পুরকর্মীদেরও কাজে বাধা দেওয়া এবং তাঁদের সঙ্গে ধস্তাধস্তির অভিযোগ রয়েছে।
আরও পড়ুন: রাজ্য সরকারের গুরুত্বপূর্ণ পদে মিঠুন, পাবেন ক্যাবিনেট মন্ত্রীর মর্যাদা!
কলকাতা পুরসভার দাবি, ক্যামাক স্ট্রিটের ওই বিলবোর্ডটি বেআইনি ছিল। সেটি সরাতে পুরকর্মীরা পুলিশকে সঙ্গে নিয়ে সেখানে যান। কিন্তু বিলবোর্ড খোলার সময় বাধার মুখে পড়তে হয় বলে অভিযোগ। শেষ পর্যন্ত পুলিশি নিরাপত্তায় বিলবোর্ডটি খুলে ফেলে পুরসভা।
এই ঘটনার পর পুলিশ ও পুরকর্মীদের কাজে বাধা দেওয়া এবং তাঁদের উপর হামলার অভিযোগে মামলা দায়ের হয়। ঘটনায় কয়েকজনকে আটকও করা হয়েছিল। পরবর্তীতে ওই মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়, প্রাক্তন আইপিএস অফিসার তথা তৃণমূল নেতা হুমায়ুন কবীর-সহ একাধিক তৃণমূল নেতার নাম উঠে আসে। সেই মামলার তদন্তের সূত্রেই বুধবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়িতে যায় শেক্সপিয়র থানার পুলিশ। সঙ্গে ছিল মামলা সংক্রান্ত নোটিস। পুলিশকর্মীরা নোটিস দিতে গেলেও অভিষেক বাড়িতে না থাকায় তা তাঁর হাতে তুলে দেওয়া যায়নি বলে জানা গিয়েছে।
