ওয়েব ডেস্ক : সুইস কনফেডারেশনের প্রেসিডেন্ট গাই পারমেলিনের (Guy Parmelin) ভারত সফর ঘিরে রাষ্ট্রপতি ভবনে (Rashtrapati Bhavan) আয়োজন করা হল বিশেষ নৈশভোজের (Dinner)। সোমবার সন্ধ্যায় রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু সুইস প্রেসিডেন্ট এবং তাঁর স্ত্রী ক্যারোলিন পারমেলিনের সম্মানে এই ভোজের আয়োজন করেন। অনুষ্ঠানের মেনুতে বিশেষ গুরুত্ব দেওয়া হয় জম্মু-কাশ্মীর এবং লাদাখের ঐতিহ্যবাহী রান্নাকে।
হিমালয়ের দুই অঞ্চলের স্থানীয় উপকরণ, প্রচলিত রান্না এবং অপেক্ষাকৃত কম পরিচিত বেশ কিছু পদ নিয়ে তৈরি করা হয়েছিল গোটা মেনু। লাদাখের সি বাকথর্ন, খুবানি, বুনো নেটল, ইয়াক চিজ এবং যবের পাশাপাশি কাশ্মীরের জাফরান, মোরেল মাশরুম, পদ্মফুলের কাণ্ড এবং বিভিন্ন সুগন্ধি মশলা জায়গা করে নেয় নৈশভোজে।শুরুতেই পরিবেশন করা হয় লাদাখের ঐতিহ্যবাহী বুনো নেটল স্যুপ ‘জা থুক’। শীতকালীন মটর এবং ভাজা মিলেট দিয়ে তৈরি এই স্যুপের সঙ্গে ছিল বিভিন্ন ধরনের রুটি।
আরও খবর : এবার রাষ্ট্রপতির দরবারে বিরোধীরা, জ্ঞানেশ কুমারের অপসারণ চেয়ে চিঠি
এরপর আসে ‘লাবো-না সোনমা’ নামের বিশেষ সালাদ। লাদাখের লাবো ও ছুরপি এবং জম্মুর কালারি চিজের সঙ্গে শুকনো আপেল, আখরোট ও বুনো ক্যাপার ব্যবহার করা হয় এতে। সি বাকথর্ন ও মধুর তৈরি ড্রেসিংয়ের সঙ্গে পরিবেশন করা হয় পদটি। সঙ্গে ছিল বাকউইট ও ফক্সটেল ক্র্যাকার, লাদাখি খুবানির জ্যাম এবং বুনো রসুনের চিভস মেশানো দই।
অতিথিদের জন্য রাখা হয়েছিল জম্মু ও লাদাখের জনপ্রিয় জলখাবারও। জম্মুর ‘কিম্ব চাট’-এ ছিল সেদ্ধ কচু, মিষ্টি আলু, চালের গুঁড়োর কড়কড়ে উপাদান, মিষ্টি দই, তেঁতুলের সস এবং কামরাঙা। পাশাপাশি পরিবেশন করা হয় ‘নাদুর কাবাব’ ও আখরোটের চাটনি। লাদাখের তরফে ছিল কাঠকয়লায় ভাজা গোটা গমের ‘ফোরোক নাংকা’ মোমো, যার ভিতরে ছিল শালগমের পাতা ও ক্যাপার পাতা।
মূল খাবারে আরও গভীরভাবে উঠে আসে কাশ্মীরি রান্নার ঐতিহ্য। ‘চামান কালিয়া’, ‘হাখ’, ‘দম আলু’ এবং ‘তসোক ওয়াঙ্গুন’-এর মতো একাধিক পদ ছিল মেনুতে। কাশ্মীরি মোরেল মাশরুম এবং গোটা মশলা দিয়ে তৈরি ‘কানা গুচ্ছ পোলাও’-এর সঙ্গে পরিবেশন করা হয় সাদা মুলোর দইয়ের পদ ‘মুজ্জ চাটনি’। সঙ্গে ছিল শীরমাল ও কাটলাম রুটি। মিষ্টির তালিকাতেও ছিল কাশ্মীর ও লাদাখের বৈচিত্র্য। ‘শুফতা’-য় ছিল শুকনো খেজুর, কাজু, কিশমিশ ও নারকেল। পাশাপাশি পরিবেশন করা হয় জাফরান, এলাচ ও শুকনো ফলের স্বাদে তৈরি ‘ফিরিন’। লাদাখের বিশেষ মিষ্টি ‘ফায়মের’-এ ছিল ভাজা যব, গুড় ও মাখন, যার সঙ্গে পরিবেশন করা হয় নরম চুরা চিজ।
নৈশভোজের শেষে পানীয় হিসেবেও ছিল হিমালয়ি ঐতিহ্যের ছোঁয়া। অতিথিদের জন্য রাখা হয়েছিল কাশ্মীরি কাহওয়া, লাদাখের ঐতিহ্যবাহী মাখন চা বা গুর গুর চা এবং বুনো গোলাপের চা।
বলে রাখা দরকার গাই পারমেলিন ৫ থেকে ৭ অক্টোবর তিন দিনের রাষ্ট্রীয় সফরে ভারতে রয়েছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমন্ত্রণে এটাই তাঁর প্রথম রাষ্ট্রীয় ভারত সফর। চলতি বছর ফেব্রুয়ারিতে নয়াদিল্লিতে আয়োজিত কৃত্রিম বুদ্ধিমত্তা সংক্রান্ত সম্মেলনে যোগ দেওয়ার পর এ বছর দ্বিতীয়বার ভারতে এলেন সুইস প্রেসিডেন্ট।
