কলকাতা: কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রকে লক্ষ্য করে ডিম ছোড়ার অভিযোগের মামলা এ বার কলকাতা হাই কোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে পাঠানো হল। বিচারপতি সৌগত ভট্টাচার্যের নির্দেশে মামলাটি ডিভিশন বেঞ্চে যাবে। পরবর্তী শুনানি না হওয়া পর্যন্ত মহুয়ার সঙ্গে পুলিশি নিরাপত্তা থাকবে বলে নির্দেশ দেওয়া হয়েছে।
মহুয়ার আইনজীবী অর্ক নাগ আদালতে দাবি করেন, নিজের লোকসভা কেন্দ্রেই সাংসদকে লক্ষ্য করে ডিম ছোড়া হয়েছে। তাঁর অভিযোগ, একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের পতাকা নিয়ে হামলা চালানো হয়েছিল। এত বড় জমায়েত বা মবকে মাত্র দু’জন পুলিশকর্মীর পক্ষে আটকানো সম্ভব কি না, সেই প্রশ্নও তোলেন তিনি। পাশাপাশি ঘটনার বিষয়ে পুলিশের কাছে রিপোর্ট তলবের আবেদন জানান আইনজীবী।
অন্য দিকে, মামলার অপর পক্ষের আইনজীবী রাজদীপ মজুমদার আদালতে জানান, এই সংক্রান্ত বিষয়ে ডিভিশন বেঞ্চের আগের নির্দেশ রয়েছে।
এর পর বিচারপতি সৌগত ভট্টাচার্য মামলাটি প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে পাঠানোর সিদ্ধান্ত জানান। সেই সঙ্গে ডিভিশন বেঞ্চে মামলাটির শুনানি না হওয়া পর্যন্ত মহুয়ার নিরাপত্তা বহাল থাকবে বলে নির্দেশ দেন।
এর আগে সেপ্টেম্বরেও নিজের সংসদীয় এলাকায় ডিম ছোড়ার অভিযোগ তুলে হাই কোর্টের দ্বারস্থ হয়েছিলেন মহুয়া। সেই সময়ও বিচারপতি সৌগত ভট্টাচার্যের এজলাসে দ্রুত শুনানির আবেদন করা হয়েছিল। তবে আদালত জরুরি ভিত্তিতে শুনানির আবেদন গ্রহণ করেনি এবং নিয়ম মেনেই মামলা তালিকাভুক্ত হওয়ার কথা জানিয়েছিল।
এর আগে জুলাই মাসেও নদিয়ার কালীগঞ্জে একটি রাজনৈতিক কর্মসূচিতে মহুয়ার দিকে ডিম, ইট এবং পোড়া বেগুন ছোড়ার অভিযোগ উঠেছিল। সেই ঘটনাতেও আইনি সুরক্ষা চেয়ে হাই কোর্টে আবেদন করেছিলেন সাংসদ।
