কলকাতা: প্রবল বৃষ্টি ও বজ্রপাতের আবহে শুক্রবার সকালে কলকাতা বিমানবন্দরে ঘটে গেল দুর্ঘটনা (Kolkata Aairport)। বজ্রপাতের (Thunderstrom) জেরে কলকাতা (Kolkata) থেকে আগরতলাগামী একটি বিমানের দুই গ্রাউন্ড স্টাফ আহত হয়েছেন বলে জানা গিয়েছে। তাঁদের দ্রুত উদ্ধার করে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সূত্রের খবর, সকাল থেকে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টি চলছিল। প্রতিকূল আবহাওয়ার মধ্যেও কলকাতা থেকে আগরতলাগামী বিমানের যাত্রীদের লাগেজ তোলার কাজে ব্যস্ত ছিলেন গ্রাউন্ড স্টাফরা। সেই সময় আচমকাই বজ্রপাতের ঘটনা ঘটে। তাতেই আহত হন দুই কর্মী।
আরও পড়ুন: মমতাকে ছাড়ার পুরষ্কার? পিএসি চেয়ারম্যান পদে ফিরহাদ?
এদিকে একই সময়ে কলকাতা থেকে দুবাইগামী একটি বিমানের ক্ষেত্রেও সমস্যার সৃষ্টি হয় বলে খবর। বজ্রপাতের প্রভাবে বিমানের ভিতরের আলো কিছু সময়ের জন্য নিভে যায় বলে জানা গিয়েছে। ওই ঘটনায় আরও এক গ্রাউন্ড স্টাফ সামান্য আহত হয়েছেন বলেও সূত্রের দাবি।
আহতদের দ্রুত চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। তাঁদের শারীরিক অবস্থা স্থিতিশীল বলে প্রাথমিকভাবে জানা গিয়েছে। তবে দুর্ঘটনার প্রকৃত কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ খতিয়ে দেখা হচ্ছে। যদিও এই দুই ঘটনা নিয়ে এখনও পর্যন্ত বিমানবন্দর কর্তৃপক্ষ বা সংশ্লিষ্ট বিমান সংস্থার পক্ষ থেকে কোনও আনুষ্ঠানিক বিবৃতি প্রকাশ করা হয়নি।
আবহাওয়া দফতর ইতিমধ্যেই দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে। এমন পরিস্থিতিতে বিমানবন্দরের গ্রাউন্ড অপারেশন পরিচালনার ক্ষেত্রে অতিরিক্ত সতর্কতা নেওয়া হচ্ছে বলে সূত্রের খবর।
