৩৬০ পুরনো মামলায় কড়া নজর লালবাজারের, বিচারপর্ব ত্বরান্বিত করতে আসছে ‘ট্রায়াল মনিটরিং অ্যাপ’

Must Read

কলকাতা: অপরাধীদের গ্রেফতার করাই শেষ কথা নয়, আদালতে দ্রুত বিচার নিশ্চিত করাও এখন অগ্রাধিকার। সেই লক্ষ্যেই বিচারাধীন ৩৬০টি গুরুত্বপূর্ণ পুরনো মামলার উপর নজরদারি চালাতে নতুন উদ্যোগ নিল লালবাজার (Laalbazar)। শীঘ্রই চালু হতে চলেছে বিশেষ ‘ট্রায়াল মনিটরিং অ্যাপ’ (Trial Monitoring App)।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগের অধীনে গঠিত ‘ট্রায়াল মনিটরিং সেল’ ইতিমধ্যেই দীর্ঘদিন ধরে ঝুলে থাকা ৩৬০টি গুরুত্বপূর্ণ মামলা চিহ্নিত করেছে। এর মধ্যে এমন কিছু মামলাও রয়েছে, যেগুলির তদন্তের দায়িত্ব আদালতের নির্দেশে কলকাতা পুলিশের হাতে এসেছে। পার্ক স্ট্রিট অগ্নিকাণ্ড কিংবা ঢাকুরিয়ার একটি বেসরকারি হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃত্যুর মতো বহুচর্চিত ঘটনাও রয়েছে এই তালিকায়।

কাটমানি-সিন্ডিকেটের বিরুদ্ধে সরাসরি অভিযোগ, টোল-ফ্রি হেল্পলাইন নম্বর চালু করলেন মুখ্যমন্ত্রী – KolkataTV

লালবাজারের দাবি, অনেক মামলায় তদন্তকারী আধিকারিক বদলি হয়েছেন বা অবসর নিয়েছেন। আবার বহু ক্ষেত্রে সাক্ষীদের অনুপস্থিতি কিংবা অভিযুক্তদের একসঙ্গে আদালতে হাজির না হওয়ার কারণে চার্জ গঠনেও দেরি হচ্ছে। ফলে বিচারপ্রক্রিয়া দীর্ঘায়িত হচ্ছে।

এই পরিস্থিতি মোকাবিলায় তৈরি করা হচ্ছে ‘ট্রায়াল মনিটরিং অ্যাপ’। অ্যাপটিতে প্রতিটি মামলার বর্তমান অবস্থা, কতজন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ হয়েছে, কতজনের বাকি, কতজন অভিযুক্ত জেলে রয়েছেন বা জামিনে মুক্ত, শুনানির সংখ্যা এবং পরবর্তী শুনানির তারিখসহ সমস্ত তথ্য এক জায়গায় পাওয়া যাবে।

এই ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করবেন থানার পুলিশ আধিকারিক, তদন্তকারী অফিসার, ট্রায়াল মনিটরিং সেলের সদস্য, কলকাতা পুলিশের শীর্ষকর্তা এবং সরকারি আইনজীবীরা। প্রয়োজন অনুযায়ী আদালতের সঙ্গেও তথ্য ভাগ করে নেওয়ার সুযোগ থাকবে।

লালবাজারের আশা, এই প্রযুক্তিনির্ভর ব্যবস্থা চালু হলে বিচারাধীন মামলার অগ্রগতি নিয়মিত পর্যবেক্ষণ করা সহজ হবে। পাশাপাশি তদন্তকারী সংস্থা, প্রসিকিউশন এবং আদালতের মধ্যে আরও কার্যকর সমন্বয় গড়ে উঠবে, যার ফলে দীর্ঘদিন ধরে ঝুলে থাকা মামলাগুলির নিষ্পত্তির গতি উল্লেখযোগ্যভাবে বাড়তে পারে।

Latest News

সাংসদ হলেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রীর নাতনি, কে এই নীলা ভিখে পাটিল?

ওয়েব ডেস্ক : এবার সুইডেনের (Sweden) সংসদে নির্বাচিত হলেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী বালাসাহেব ভিখে পাটিলের নাতনি নীলা ভিখে পাটিল...

More Articles Like This