কলকাতায় আজও দফায় দফায় বৃষ্টির সম্ভাবনা, আপাতত নেই ভারী বর্ষণের আশঙ্কা, ৮ অগস্টে নতুন নিম্নচাপের পূর্বাভাস

Must Read

কলকাতা: দফায় দফায় বৃষ্টিতে ভিজছে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকা। শনিবারও শহরে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া দফতর। তবে আপাতত কলকাতার জন্য ভারী বৃষ্টির কোনও পূর্বাভাস নেই (Rain Forecast)। আকাশে কখনও রোদ, কখনও মেঘের আনাগোনা চলবে। অন্যদিকে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় ভ্যাপসা গরম ও অস্বস্তিও বজায় থাকবে (Weather Update)।

দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় এ দিন হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর ২৪ পরগনা এবং দক্ষিণ ২৪ পরগনায় বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা তুলনামূলক বেশি। যদিও শনিবার দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির কোনও সতর্কতা জারি করা হয়নি। তবে আগামী সপ্তাহ থেকে বৃষ্টির দাপট কিছুটা বাড়তে পারে বলে ইঙ্গিত দিয়েছে আবহাওয়া দফতর।

আরও খবর : কেন্দ্রীয় মন্ত্রীদের সঙ্গে উচ্চপর্যায়ের বৈঠকে প্রধানমন্ত্রী মোদি

অন্যদিকে উত্তরবঙ্গের পরিস্থিতি একেবারেই আলাদা। সেখানে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। পার্বত্য এলাকায় ভূমিধস এবং নিচু এলাকায় জল জমার আশঙ্কায় বিশেষ সতর্কতা জারি করা হয়েছে। আগামী সপ্তাহেও উত্তরবঙ্গে বৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে বলে মনে করছেন আবহাওয়াবিদেরা।

এদিকে বঙ্গোপসাগরে ফের একটি নিম্নচাপ তৈরির সম্ভাবনাও দেখা দিয়েছে। আবহাওয়া দফতরের পূর্বাভাস, ৮ অগস্ট নাগাদ সাগরে একটি নতুন নিম্নচাপ সৃষ্টি হতে পারে। সেটি আরও শক্তি সঞ্চয় করে গভীর নিম্নচাপে পরিণত হলে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় ভারী বৃষ্টির পরিস্থিতি তৈরি হতে পারে। ফলে আগামী সপ্তাহের আবহাওয়ার দিকে নজর রাখছেন আবহাওয়াবিদেরা। আপাতত কলকাতাবাসীর জন্য স্বস্তির খবর, আজ ভারী বৃষ্টির আশঙ্কা না থাকলেও দিনের বিভিন্ন সময়ে ছাতা সঙ্গে রাখাই বুদ্ধিমানের কাজ।

Latest News

চোখের ছবিতে ক্ষতচিহ্ন, ক্যাপশনে ‘আমি এখনও শেষ হয়ে যাইনি’! বিদেশ থেকে অভিষেকের ইঙ্গিতপূর্ণ পোস্ট ঘিরে চর্চা

কলকাতা: চোখের চিকিৎসার জন্য বিদেশে থাকা অবস্থাতেই সমাজমাধ্যমে একটি ছবি পোস্ট করলেন তৃণমূলের (Tmc) সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের...

More Articles Like This