কলকাতায় বাড়বে বৃষ্টির দাপট, উত্তরবঙ্গের চার জেলায় লাল সতর্কতা! কবে কাটবে দুর্যোগ?

Must Read

কলকাতা: শ্রাবণের শুরুতেই রাজ্যজুড়ে বৃষ্টির দাপট আরও বাড়ার ইঙ্গিত দিল আলিপুর আবহাওয়া দফতর। কলকাতা-সহ দক্ষিণবঙ্গে আগামী কয়েক দিনে বৃষ্টির পরিমাণ বৃদ্ধি পেতে পারে (Rain Forecast)। অন্য দিকে, উত্তরবঙ্গের চার জেলা দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং ও আলিপুরদুয়ারে রবিবারের জন্য জারি হয়েছে লাল সতর্কতা। ওই জেলাগুলিতে কোথাও কোথাও ২০ সেন্টিমিটারেরও বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস (Weather Update)।

কোচবিহারে ভারী থেকে অতি ভারী বৃষ্টি এবং উত্তর দিনাজপুরেও ভারী বর্ষণের পূর্বাভাস রয়েছে। সোমবার পর্যন্ত উত্তরবঙ্গে প্রবল বৃষ্টির পরিস্থিতি বজায় থাকতে পারে। তবে মঙ্গলবারের পর থেকে ধীরে ধীরে বৃষ্টির তীব্রতা কিছুটা কমার সম্ভাবনা রয়েছে।

আরও পড়ুন: রাজারহাটে লাইসেন্স ছাড়া প্রকাশ্যে মাংস বিক্রির অভিযোগে গ্রেফতার ৬

দক্ষিণবঙ্গেও স্বস্তির কোনও ইঙ্গিত নেই। মঙ্গলবার থেকে উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। নদিয়ায় মঙ্গলবার এবং বাঁকুড়ায় বৃহস্পতিবার ভারী বর্ষণ হতে পারে। কলকাতায় সোমবার পর্যন্ত বিশেষ কোনও সতর্কতা না থাকলেও মঙ্গলবার থেকে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে বলে পূর্বাভাস।

হাওয়া অফিস জানিয়েছে, গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর থাকা নিম্নচাপ অঞ্চল দুর্বল হলেও তার সঙ্গে যুক্ত ঘূর্ণাবর্ত এখনও সক্রিয় রয়েছে। পাশাপাশি বর্ষাকালীন অক্ষরেখা এবং বঙ্গোপসাগর থেকে বিপুল পরিমাণ জলীয় বাষ্প প্রবেশ করায় বৃষ্টির অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে।

রবিবার সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭.৮ ডিগ্রি সেলসিয়াস। আগের দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩.২ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়াবিদদের পরামর্শ, বিশেষ করে উত্তরবঙ্গের বাসিন্দাদের অপ্রয়োজনীয় যাতায়াত এড়িয়ে প্রশাসনের নির্দেশ মেনে চলাই নিরাপদ।

Latest News

বাসে আগুন, ককটেল বিস্ফোরণ, ঝটিকা মিছিল! বাংলাদেশে অশান্তির আবহ, আটক ৫১৫

ওয়েব ডেস্ক : বাসে অগ্নিসংযোগ, ককটেল বিস্ফোরণ এবং ঝটিকা মিছিলের ঘটনায় উত্তপ্ত বাংলাদেশের (Bangladesh) পরিস্থিতি। জানা যাচ্ছে , ঢাকা-সহ...

More Articles Like This