ওয়েব ডেস্ক: রাতভর প্রবল বৃষ্টি ও ঝড়ে (Thunderstorm) কার্যত বিপর্যস্ত মুম্বই (Mumbai Flood)। গত ২৪ ঘণ্টায় প্রায় ৩০০ মিলিমিটার বৃষ্টিপাতের (Heavy Rain) জেরে জলমগ্ন হয়ে পড়েছে দেশের বাণিজ্যনগরীর বিস্তীর্ণ এলাকা। শুধু ভারী বৃষ্টিই নয়, তার সঙ্গে ঝোড়ো হাওয়ার দাপটে শহরের বিভিন্ন অংশে গাছ এবং বিদ্যুতের খুঁটি উপড়ে পড়েছে। ফলে একাধিক এলাকায় স্বাভাবিক জনজীবন ব্যাহত হয়েছে।
আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, বুধবার ভোর থেকে বৃষ্টির তীব্রতা আরও বৃদ্ধি পেয়েছে। পরিস্থিতির গুরুত্ব বিবেচনা করে মুম্বই এবং পালঘর জেলায় লাল সতর্কতা জারি করা হয়েছে। পাশাপাশি ঠাণে, রায়গড়, পালঘর এবং সিন্ধুদুর্গ জেলাতেও ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।
আরও পড়ুন: অমরনাথ যাত্রায় বজ্র আঁটুনি! ভূস্বর্গে নজিরবিহীন নিরাপত্তা! কী কী পদক্ষেপ নিচ্ছে কেন্দ্র?
বৃহন্মুম্বই পুরনিগম জানিয়েছে, মঙ্গলবার রাত ৮টা থেকে বুধবার সকাল ৬টা পর্যন্ত মাত্র ১০ ঘণ্টার ব্যবধানে শহরের বিভিন্ন অংশে বিপুল পরিমাণ বৃষ্টিপাত হয়েছে। দক্ষিণ মুম্বইয়ে রেকর্ড করা হয়েছে ২৪৮ মিলিমিটার বৃষ্টি। পশ্চিমাঞ্চলে ১৫৪ মিলিমিটার এবং পূর্বাঞ্চলে ১৯০ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে।
এবারের বর্ষা মুম্বইয়ে প্রবেশ করেছে নির্ধারিত সময়ের প্রায় ১৩ দিন পরে। তবে বর্ষার আগমনেই প্রকৃতির রুদ্ররূপের সাক্ষী থাকল শহর। আবহাওয়াবিদদের মতে, গত এক দশকে জুন মাসে এত বৃষ্টিপাতের নজির খুব কমই দেখা গিয়েছে।
শহরের একাধিক এলাকায় জল জমে যান চলাচলে বিঘ্ন ঘটেছে। ঝড়ের তাণ্ডবে বহু জায়গায় গাছ ভেঙে পড়েছে। দাদর স্টেশনের কাছে একটি বড় গাছ উপড়ে একটি গাড়ির উপর পড়ে। সৌভাগ্যবশত সেই সময় গাড়িতে কেউ উপস্থিত না থাকায় বড়সড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে। কোনও প্রাণহানি বা আহত হওয়ার খবর পাওয়া যায়নি।
পরিস্থিতি মোকাবিলায় ইতিমধ্যেই ৭ হাজার কর্মীকে মাঠে নামিয়েছে বিএমসি। জলনিকাশি ব্যবস্থা সচল রাখা, রাস্তা পরিষ্কার করা এবং জরুরি পরিষেবা বজায় রাখার জন্য যুদ্ধকালীন তৎপরতায় কাজ চলছে।
দেখুন আরও খবর:
