ওয়েব ডেস্ক: ছাত্রছাত্রীদের মোবাইল ফোন থেকে দূরে রাখার পরামর্শ দিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। মোবাইল ফোনের (Mobile Phone) অতিরিক্ত ব্যবহার পড়ুয়াদের অত্যন্ত ক্ষতি করছে বলে জানালেন তিনি। শনিবার কলকাতায় ভারত সাইটের ইস্ট এডিশনের মঞ্চ থেকে মুখ্যমন্ত্রীর স্পষ্ট বার্তা, “ছাত্রছাত্রীদের মোবাইল থেকে দূরে রাখুন।”
পূর্বতন মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) সরকার পড়ুয়াদের পড়াশোনার সুবিধার্থে স্মার্টফোন, ট্যাব প্রদান করেছিল। সে পথে হাঁটবে না বর্তমান বিজেপি সরকার, সে কথা স্পষ্ট জানালেন শুভেন্দু অধিকারী। তিনি মোবাইল ফোনের কুফলের দিকেই বেশি জোর দিলেন। মুখ্যমন্ত্রী বলেন, “আগের সরকার স্কুল পড়ুয়াদের মোবাইল দিয়েছে, মোবাইল থেকে বাচ্চাদের দূরে রাখুন।”
আরও পড়ুন: পুজোর মুখে বাড়তে চলেছে মদের দাম!
তিনি আরও বলেন, “বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানেরও সামাজিক দায়িত্ব আছে। শুধু পড়াশোনা নয়, এনসিসি ব্রতচারী চালু করুন। মোবাইল ছাড়া পড়াশোনার জন্য যা লাগে দিন। গুজরাতের মডেল ফলো করুন। যত মোবাইল থেকে দূরে থাকা যায়। বলেছি মোবাইল ফোন দেওয়া যাবে না।”
এরপর সামান্য প্রসঙ্গান্তরে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, “বেসরকারি ক্ষেত্রে যাঁরা আছেন তাঁদের একটু সামাজিক সংষ্কারের কাজও করতে হবে। ব্রতচারী, এনসিসি আগে ছিল। সব তুলে দিয়েছিল। নেশা-মুক্ত সমাজ গড়তে বার্তা দিন। নেশা-মুক্ত ভারত গড়তে হবে।” আলিয়া বিশ্ববিদ্যালয়ে (Aliah University) নিয়ে তাঁর মন্তব্য, “আলিয়া বিশ্ববিদ্যালয় আগে স্পেশাল স্ট্যাটাস পেত। আমরা উচ্চ শিক্ষা দফতরে এনেছি।”
