‘এনার্জি ড্রিঙ্ক’ তকমায় কড়া কেন্দ্র, ৯০ দিনের মধ্যে লেবেল বদলাতে হবে পেপসি, রেড বুল-সহ সংস্থাগুলিকে

Must Read

ওয়েব ডেস্ক: দেশে বিক্রি হওয়া উচ্চ ক্যাফেইনযুক্ত পানীয়কে আর ‘এনার্জি ড্রিঙ্ক’ (Energy Drink) বলে প্রচার করা যাবে না। এমনই কড়া নির্দেশ জারি করেছে ভারতের খাদ্য সুরক্ষা ও মান নিয়ন্ত্রক সংস্থা (FSSAI)। নির্দেশের জেরে পেপসিকো, রেড বুল, মনস্টার, রিলায়েন্সের ক্যাম্পা এনার্জি–সহ একাধিক সংস্থাকে আগামী ৯০ দিনের মধ্যে তাদের পণ্যের মোড়ক ও লেবেলে পরিবর্তন আনতে হবে।

এফএসএসএআই-এর মতে, বর্তমানে ভারতে এমন কোনও স্বীকৃত খাদ্য বিভাগ নেই, যাকে আনুষ্ঠানিকভাবে ‘এনার্জি ড্রিঙ্ক’ বলা যায়। অথচ বাজারে থাকা বহু পানীয় নিজেদের ‘শরীর ও মনে শক্তি জোগায়’ বা ‘শারীরিক দুর্বলতা দূর করে’— এমন দাবি করে বিক্রি হচ্ছে। নিয়ন্ত্রক সংস্থার দাবি, এই ধরনের প্রচার সাধারণ ক্রেতাদের বিভ্রান্ত করতে পারে। তাই ভবিষ্যতে এই তকমা ব্যবহার করা যাবে না।

আরও পড়ুন: আয়ুষ্মানের বাইরে যাঁরা, তাঁদের জন্য আসছে ‘মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা যোজনা’

এই সিদ্ধান্তে পানীয় প্রস্তুতকারক সংস্থাগুলির মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। শিল্পমহলের আশঙ্কা, বহু পরিচিত ব্র্যান্ডের পরিচয়ই ‘এনার্জি ড্রিঙ্ক’ শব্দের সঙ্গে জড়িয়ে রয়েছে। ফলে লেবেল পরিবর্তনের প্রভাব বিক্রি ও ব্র্যান্ডের বাজারমূল্যের উপর পড়তে পারে।

এদিকে, একাধিক সংস্থার প্রতিনিধিত্বকারী ইন্ডিয়ান বেভারেজ অ্যাসোসিয়েশন জানিয়েছে, তারা এফএসএসএআই-এর নির্দেশ মেনে চলবে এবং বৈজ্ঞানিক তথ্যের ভিত্তিতে ভবিষ্যৎ নীতিমালা নিয়ে কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা চালিয়ে যাবে। পাশাপাশি সংস্থার তরফে জানানো হয়েছে, প্রাথমিক নোটিস প্রকাশ্যে এলে তা ভোক্তাদের মধ্যে অযথা বিভ্রান্তি তৈরি করতে পারে এবং ব্র্যান্ডের ভাবমূর্তিতেও প্রভাব ফেলতে পারে।

খাদ্য নিরাপত্তা ও ভোক্তা সুরক্ষাকে গুরুত্ব দিয়ে নেওয়া এই সিদ্ধান্ত আগামী দিনে পানীয় শিল্পের বিপণন কৌশল ও পণ্যের পরিচিতিতে বড় পরিবর্তন আনতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্ট মহল।

Latest News

ইমিগ্রেশন ছাড়াই মিউনিখের বিমানে ৩ ইতালীয়, এয়ার ইন্ডিয়াকে শোকজ

ওয়েব ডেস্ক : ৪ সেপ্টেম্বর ভোরে অমৃতসর থেকে এয়ার ইন্ডিয়ার (Air India) বিমানে দিল্লিতে পৌঁছন তিন ইতালীয় নাগরিক (Italian...

More Articles Like This