ওয়েব ডেস্ক : ২০২৬ সালের দক্ষিণ ২৪ পরগনার ফলতা উপনির্বাচনে বিপুল ব্যবধানে জয় পেয়েছে বিজেপি। প্রায় ১ লক্ষ ৯ হাজার ভোটে জয়ের পর এ বার নন্দীগ্রামেও (Nandigram) সেই রেকর্ড ছাপানোর আহ্বান জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। নিজের ছেড়ে যাওয়া বিধানসভা কেন্দ্রে গিয়ে দলের পক্ষে বড় ব্যবধানে জয়ের ডাক দিলেন তিনি।
সোমবার নন্দীগ্রামের (Nandigram) রেয়াপাড়ায় পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দফতরের একাধিক প্রকল্পের সূচনা করেন মুখ্যমন্ত্রী। সেখানেই বক্তব্য রাখতে গিয়ে নন্দীগ্রামের মানুষের কাছে পুরনো ভোটের হিসাব তুলে ধরেন তিনি। শুভেন্দু বলেন, একসময় নন্দীগ্রাম তাঁকে ৮২ হাজারের বেশি ভোটে জিতিয়েছিল। এ বার ফলতার ১ লক্ষ ৯ হাজারের ব্যবধানকেও ছাপিয়ে যাওয়ার জন্য মানুষের কাছে আবেদন জানান তিনি।
আরও খবর : তৃণমূলের প্রতীক-তহবিল নিয়ে দ্রুত ফয়সালার আর্জি মমতার, ফের কমিশনকে চিঠি
২০২১ সালের বিধানসভা নির্বাচনে তৎকালীন তৃণমূল প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়কে ১৯৫৬ ভোটে হারিয়েছিলেন শুভেন্দু (Suvendu Adhikari)। ২০২৬ সালে সেই ব্যবধান বেড়ে সাড়ে ৯ হাজারেরও বেশি হয়। তারও আগে ২০১৬ সালে তৃণমূল প্রার্থী হিসেবে নন্দীগ্রাম থেকে ৮১ হাজারের বেশি ভোটে জয় পেয়েছিলেন শুভেন্দু।
নন্দীগ্রামের উন্নয়ন নিয়ে এ দিন একাধিক ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। তাঁর দাবি, গত কয়েক মাসে এলাকায় ৩২টি নতুন রাস্তা তৈরি ও সংস্কারের কাজ হয়েছে। সরকারি বাস চলাচলের জন্য নতুন বাসস্ট্যান্ড তৈরির কথাও জানান তিনি। পাশাপাশি হরিপুরে নতুন দমকল কেন্দ্রের উদ্বোধন করা হয়েছে। রেল পরিষেবা নিয়েও বড় ঘোষণা করেন শুভেন্দু। তাঁর দাবি, নন্দীগ্রামে রেলস্টেশন তৈরির জন্য প্রয়োজনীয় জমির একটি অংশ ইতিমধ্যেই রেলের হাতে তুলে দেওয়া হয়েছে। বাকি জমির কাজ আগামী মার্চের মধ্যে শেষ হবে বলেও জানান তিনি। ভবিষ্যতে নন্দীগ্রাম-বটতলা থেকে ট্রেনে চড়ে বাজকুল যাওয়ার কথাও বলেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, ‘‘নন্দীগ্রাম-বটতলা রেলস্টেশনে উঠব। বাজকুলে গিয়ে নামব। প্রথম ট্রেনে আমিই চড়ব আপনাদের নিয়ে। কারও কোনও অভাব থাকবে না।’’
