কাশ্মীরে ফের বন্দুকযুদ্ধ, বাডগামে নিহত লস্কর জঙ্গি! পাকিস্তানি নাগরিক ইয়াসিরের পরিচয় প্রকাশ পুলিশের

Must Read

ওয়েব ডেস্ক: কয়েক মাসের বিরতির পর ফের কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর সঙ্গে জঙ্গিদের বন্দুকযুদ্ধ। শুক্রবার বাডগাম জেলার জঙ্গলে যৌথ বাহিনীর অভিযানে এক জঙ্গির মৃত্যু হয়েছে। জম্মু-কাশ্মীর পুলিশের দাবি, নিহত জঙ্গির নাম ইয়াসির। সে পাকিস্তানের নাগরিক এবং নিষিদ্ধ জঙ্গি সংগঠন লস্কর-ই-তইবার সদস্য।

নিরাপত্তাবাহিনী সূত্রে খবর, বাডগামের জঙ্গলে কয়েক জন সশস্ত্র জঙ্গির গতিবিধির খবর পেয়েছিলেন গোয়েন্দারা। সেই তথ্যের ভিত্তিতে অভিযান শুরু করে সেনা, জম্মু-কাশ্মীর পুলিশ এবং সিআরপিএফ। শুক্রবার এলাকা ঘিরে তল্লাশি চালানোর সময় জঙ্গিদের সঙ্গে নিরাপত্তাবাহিনীর যোগাযোগ তৈরি হয়। এর পরেই শুরু হয় গুলির লড়াই।

দু’পক্ষের মধ্যে বেশ কিছুক্ষণ গুলি বিনিময়ের পর এক জঙ্গিকে খতম করা হয় বলে জানিয়েছে নিরাপত্তাবাহিনী। পরে তার পরিচয় শনাক্ত করা হয়। শ্রীনগর-ভিত্তিক সেনার ১৫ কোর এই অভিযানের নাম দিয়েছে ‘অপারেশন আশদার’। পুলিশের সমাজমাধ্যমের পোস্টেও নিহত জঙ্গির পরিচয় প্রকাশ করা হয়েছে।

নিরাপত্তা সংস্থাগুলির মতে, সীমান্ত পেরিয়ে জঙ্গিদের অনুপ্রবেশ এবং কাশ্মীরের দুর্গম জঙ্গল এলাকায় ঘাঁটি গড়ার চেষ্টা এখনও বড় চ্যালেঞ্জ। এই ধরনের এলাকায় তল্লাশি অভিযান কঠিন হওয়ায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে দ্রুত অভিযান চালানোর উপর জোর দেওয়া হচ্ছে।

চলতি বছর এর আগেও জঙ্গিদের বিরুদ্ধে অভিযান হয়েছে। গত ৮ জুলাই শোপিয়ানের চানাপোরা এলাকায় নিরাপত্তাবাহিনীর সঙ্গে সংঘর্ষে এক জঙ্গির মৃত্যু হয়েছিল। সেই অভিযানে ৫৫ রাষ্ট্রীয় রাইফেলস, জম্মু-কাশ্মীর পুলিশ এবং সিআরপিএফ যৌথ ভাবে অংশ নিয়েছিল।

এ বার বাডগামের ঘটনায় নিহত ইয়াসির কবে এবং কী ভাবে কাশ্মীরে ঢুকেছিল, তার সঙ্গে আর কারা যুক্ত ছিল এবং কোনও নাশকতার পরিকল্পনা ছিল কি না—তা খতিয়ে দেখছে তদন্তকারী সংস্থাগুলি। এনকাউন্টারের পর সংশ্লিষ্ট এলাকায় নিরাপত্তাও আরও জোরদার করা হয়েছে।

Latest News

দল বদলেছেন, বদলায়নি ফেসবুক! মমতার সঙ্গে ভিডিয়ো এখনও পিনড, সায়নীকে ঘিরে তুঙ্গে জল্পনা

কলকাতা: দল বদলেছে, কিন্তু সমাজমাধ্যমে রয়ে গিয়েছে পুরনো স্মৃতি! তৃণমূল কংগ্রেস ছেড়ে নতুন রাজনৈতিক দল এনসিপিআই-তে যোগ দেওয়ার পরেও...

More Articles Like This