31.3 C
Kolkata

ভোটার তালিকা থেকে নাম বাদ পড়ার অর্থ নাগরিকত্ব হারানো নয়: সুপ্রিম কোর্ট

Must Read

পীযূষ কান্তি নাগ

ওয়েব ডেস্ক : এসআইআর (SIR) প্রক্রিয়ার আওতায় ভোটার তালিকা থেকে কোনও ব্যক্তির নাম বাদ পড়লেই তাঁর নাগরিকত্ব বাতিল হয়ে যায় না। শুক্রবার এই গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ করল সুপ্রিম কোর্ট (Supreme Court)। একইসঙ্গে এসআইআর ট্রাইব্যুনালগুলিকে শুনানি ও নিষ্পত্তি হওয়া আপিলের সংখ্যা জানিয়ে নিয়মিত বুলেটিন প্রকাশের নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত। প্রধান বিচারপতি সূর্য কান্ত, বিচারপতি জয়মাল্য বাগচী এবং বিচারপতি ভি মোহনের বেঞ্চে প্রসেনজিৎ বসুর দায়ের করা এক আবেদনের শুনানিতে এই মন্তব্য করা হয়।

শুনানিতে আবেদনকারীর পক্ষে প্রবীণ আইনজীবী গোপাল শঙ্করনারায়ণন জানান, এসআইআর (SIR) তালিকা থেকে বাদ পড়া ব্যক্তিরা আপিল নিষ্পত্তির জন্য ট্রাইব্যুনালের দ্বারস্থ হয়েছেন। তাঁর দাবি, বর্তমানে ১৯টি আপিল ট্রাইব্যুনালে, যার মধ্যে দু’জন বিচারপতি ইতিমধ্যেই পদত্যাগ করেছেন, প্রায় ৩৪ লক্ষ আপিল বিচারাধীন রয়েছে। এখনও পর্যন্ত মাত্র প্রায় ৩৮ হাজার আপিলের নিষ্পত্তি হয়েছে এবং সেই মামলাগুলির প্রায় ৭০ শতাংশেই আবেদনকারীদের পক্ষে রায় এসেছে। এত বিপুল সংখ্যক আবেদন ঝুলে থাকায় দ্রুত নিষ্পত্তি এবং পুরো প্রক্রিয়ায় স্বচ্ছতা বজায় রাখার প্রয়োজনীয়তার কথাও আদালতের সামনে তুলে ধরেন তিনি।

আবেদনকারীর আরও অভিযোগ, আপিল বিচারাধীন থাকা সত্ত্বেও পশ্চিমবঙ্গ সরকার ভোটার তালিকা থেকে বাদ পড়া ব্যক্তিদের গণবণ্টন ব্যবস্থা (PDS), অন্নপূর্ণা যোজনা-সহ একাধিক জনকল্যাণমূলক প্রকল্পের সুবিধা বন্ধ রাখার নির্দেশ দিয়েছে। এমনকি তাঁদের জাতিগত শংসাপত্র (Caste Certificate) প্রদানেও বাধা দেওয়া হচ্ছে। এই পরিস্থিতিতে মামলার চূড়ান্ত নিষ্পত্তির আগে নাগরিকদের মৌলিক ও সামাজিক অধিকার যাতে খর্ব না হয়, সেই আবেদনও আদালতের সামনে জানানো হয়।

এই প্রসঙ্গে বিচারপতি জয়মাল্য বাগচী বলেন, বিহারের এসআইআর সংক্রান্ত মামলায় সুপ্রিম কোর্ট ইতিমধ্যেই স্পষ্ট করেছে যে, নাগরিকত্ব নির্ধারণের সাংবিধানিক কর্তৃপক্ষ নির্বাচন কমিশন (Election Commission) নয়। নির্বাচন কমিশন ভোটার তালিকা থেকে কোনও ব্যক্তির নাম বাদ দিতে পারে, কিন্তু শুধুমাত্র সেই কারণেই তাঁর নাগরিকত্বের মর্যাদা বাতিল হয়ে যায় না। নাগরিকত্ব নিয়ে সন্দেহ তৈরি হলে সংশ্লিষ্ট বিষয়টি নাগরিকত্ব আইন অনুযায়ী নিষ্পত্তির জন্য কেন্দ্রীয় সরকারের কাছে পাঠানো নির্বাচন কমিশনের দায়িত্ব। সেই প্রক্রিয়া সম্পূর্ণ না হওয়া পর্যন্ত সংশ্লিষ্ট ব্যক্তির বর্তমান আইনি অবস্থান বহাল থাকবে বলেও আদালত পুনর্ব্যক্ত করে।

আরও খবর : ‘মহাপ্রভু জগন্নাথ’ সিনেমা, মুক্তি পাবে পুরীর রথযাত্রার পর, নির্দেশ সুপ্রিম কোর্টের

বিচারপতি বাগচী আরও বলেন, আদালতের বিহার সংক্রান্ত রায়ে নির্বাচন কমিশনের দায়িত্ব স্পষ্টভাবে নির্ধারণ করে দেওয়া হয়েছে। ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হলেও নাগরিকত্বের প্রশ্নে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা নির্বাচন কমিশনের নেই। তাই এই ধরনের ক্ষেত্রে যথাযথ প্রক্রিয়া অনুসরণ করেই কেন্দ্রীয় সরকারের সংশ্লিষ্ট মন্ত্রকের কাছে বিষয়টি পাঠাতে হবে।

এর জবাবে গোপাল শঙ্করনারায়ণন বলেন, “আমি যা বোঝাতে চাইছি তা হল ৩৪ লক্ষ আপিল ঝুলে আছে, যার মধ্যে মাত্র ৩৮ হাজার নিষ্পত্তি হয়েছে। অর্থাৎ এখনও সাড়ে ৩৩ লক্ষ আপিল অমীমাংসিত অবস্থায় পড়ে আছে। এখন, আপিল বিচারাধীন থাকা অবস্থাতেই ওই সাড়ে ৩৩ লক্ষ মানুষের কাছ থেকে এই সুবিধাগুলো কেড়ে নেওয়া হচ্ছে অথচ অতীতের নজির বলছে যে ৭০ শতাংশ আপিলই মঞ্জুর হয়েছে। আপিলের শুনানি না হওয়া পর্যন্ত এই বঞ্চনা চলতেই থাকবে।” সঙ্গে বলেছেন, “আমরা কেবল স্বচ্ছতা নিশ্চিত করার এবং ওই ১৯টি ট্রাইব্যুনালকে সহায়তা করার লক্ষ্যে কিছু পদ্ধতির প্রস্তাব করছি,”

স্বচ্ছতা নিশ্চিত করতে ট্রাইব্যুনালগুলির কাজের অগ্রগতি নিয়মিত প্রকাশের জন্য একটি নির্দিষ্ট ব্যবস্থা তৈরিরও প্রস্তাব দেন প্রবীণ আইনজীবী। একইসঙ্গে তিনি যুক্তি দেন, কোনও ব্যক্তির বৈধ পাসপোর্ট থাকলে সেটিকে নাগরিকত্বের গুরুত্বপূর্ণ প্রমাণ হিসেবে বিবেচনা করা উচিত। সমস্ত পক্ষের বক্তব্য শোনার পর সুপ্রিম কোর্ট মামলাটিকে পশ্চিমবঙ্গে এসআইআর প্রক্রিয়াকে চ্যালেঞ্জ করে দায়ের হওয়া অন্যান্য আবেদনের সঙ্গে একত্রে শুনানির জন্য তালিকাভুক্ত করে।

Latest News

মধ্যপ্রাচ্যের যুদ্ধের আঁচ ভারতে, মার্কিন হামলায় কাঁপল চাবাহার!

ওয়েব ডেস্ক : মধ্যপ্রাচ্যের যুদ্ধ এবার ভারতের (India) কৌশলগত স্বার্থেও বড় প্রভাব ফেলতে পারে। ইরানের (Iran) একাধিক গুরুত্বপূর্ণ পরিকাঠামোয়...

More Articles Like This