কলকাতা: দুর্গাপুজোর (Durga Puja 2026) মুখে পুজো কমিটিগুলির জন্য একাধিক নির্দেশিকা জারি করল রাজ্য সরকার। চলতি বছর প্রতিটি পুজো কমিটিকে এক লক্ষ টাকা করে সরকারি অনুদান দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে। সেই অনুদানের টাকা পেতে হলে নির্দিষ্ট কিছু নিয়ম মেনে প্রয়োজনীয় নথি জমা দিতে হবে। তার মধ্যে অন্যতম হল পুজো কমিটির নামে নিজস্ব ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকা।
নবান্ন সূত্রে খবর, অনুদানের টাকা সরাসরি সংশ্লিষ্ট পুজো কমিটির ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠানো হবে। তাই আবেদন করার সময় কমিটির নিজস্ব অ্যাকাউন্টের ক্যানসেলড চেক এবং পাসবুকের প্রথম পাতার প্রতিলিপি জমা দিতে হবে।
অনুদানের আবেদনপত্র পুজো কমিটির সভাপতি অথবা সম্পাদককে কমিটির লেটারহেডে তৈরি করে সংশ্লিষ্ট থানায় জমা দিতে হবে বলেও নির্দেশিকায় উল্লেখ রয়েছে। এর পাশাপাশি কমিটির আয়-ব্যয়ের হিসাবও দিতে হবে। গত বছরের পুজোর অনুমতিপত্রের কপি এবং সেই বছরের আয়-ব্যয়ের হিসাবও চাওয়া হয়েছে।
শুধু আর্থিক নথিই নয়, কমিটির সদস্যদের সম্পর্কেও বিস্তারিত তথ্য দিতে হবে। লেটারহেডে সদস্যদের নাম, ঠিকানা এবং ফোন নম্বর উল্লেখ করতে হবে। গত বছর পাওয়া সরকারি অনুদান কী ভাবে খরচ করা হয়েছিল, তার ইউটিলাইজেশন সার্টিফিকেট জমা দেওয়ার স্বীকৃতিপত্রের কপিও আবেদনের সঙ্গে দিতে হবে।
নবান্নের এই নির্দেশিকার লক্ষ্য অনুদানের অর্থ প্রদানে স্বচ্ছতা বজায় রাখা বলেই সরকারি সূত্রে জানানো হয়েছে।
চলতি বছর সরকার বদলের পর এটাই বাংলায় প্রথম দুর্গাপুজো। ৭ সেপ্টেম্বর পুজো কমিটিগুলির সঙ্গে বৈঠকে অনুদান হিসেবে এক লক্ষ টাকা দেওয়ার কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। পাশাপাশি পুজোয় বিদ্যুতের খরচ না নেওয়ার কথাও জানানো হয়েছে।
তবে এ বার পুজো উদ্বোধনের ক্ষেত্রেও রয়েছে নির্দিষ্ট নিয়ম। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, মাতৃপক্ষের আগে কোনও পুজোর উদ্বোধন করা হবে না। মহালয়ার পর থেকেই উদ্বোধন শুরু হবে। একই সঙ্গে আগের সরকারের আমলের রেড রোড কার্নিভ্যালও এ বার বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে।
