কলকাতা: রথযাত্রা (Rath Yatra 2026) মানেই বাঙালির কাছে দুর্গাপুজোর (Durga Puja) আনুষ্ঠানিক কাউন্টডাউন। খুঁটিপুজোর মধ্য দিয়েই শুরু হয়ে যায় শারদোৎসবের প্রস্তুতি। সেই আবহেই ২০২৬ সালের দুর্গাপুজোর থিম ঘোষণা করল কলকাতার দুই অন্যতম জনপ্রিয় পুজো কমিটি, শ্রীভূমি স্পোর্টিং ক্লাব (Shreebhumi Sporting Club) এবং একডালিয়া এভারগ্রিন (Ekdalia Evergreen)। এ বার শ্রীভূমির মণ্ডপে উঠে আসবে রাজস্থানের ঐতিহাসিক হাওয়া মহল, অন্যদিকে একডালিয়া এভারগ্রিন তৈরি করবে গুজরাটের বিখ্যাত সোমনাথ মন্দিরের আদলে মণ্ডপ।
লেকটাউনের শ্রীভূমি স্পোর্টিং ক্লাব বরাবরই চমকপ্রদ থিমের জন্য পরিচিত। অতীতে বুর্জ খলিফা, ডিজনিল্যান্ড কিংবা ইউরোপের ঐতিহাসিক স্থাপত্যের প্রতিরূপ তৈরি করে দর্শকদের নজর কেড়েছে তারা। এ বছর ক্লাবের দুর্গাপুজো ৫৪ বছরে পা রাখছে। সেই উপলক্ষে গোলাপি শহর জয়পুরের অন্যতম পরিচিত স্থাপত্য হাওয়া মহল-কে থিম হিসেবে বেছে নিয়েছেন উদ্যোক্তারা।
রথের রশি ধরতে হুড়োহুড়ি, পুরীতে পদপিষ্ট ১২০, মৃত্যু ১-এর! হাসপাতালে বহু পুণ্যার্থী
অন্যদিকে, দক্ষিণ কলকাতার ঐতিহ্যবাহী একডালিয়া এভারগ্রিনের দুর্গাপুজো এ বছর ৮৪ বছরে পদার্পণ করছে। সাবেকি ঐতিহ্য বজায় রেখেই প্রতি বছর দেশের বিভিন্ন বিখ্যাত মন্দিরের আদলে মণ্ডপ নির্মাণ করে এই পুজো কমিটি। এ বছর তাদের থিম গুজরাটের সোমনাথ মন্দির। রথের দিন নিয়ম মেনেই খুঁটিপুজোর পাশাপাশি নতুন থিমের আনুষ্ঠানিক ঘোষণা করেছেন উদ্যোক্তারা।
দুর্গাপুজো এখনও কয়েক মাস দূরে হলেও দুই জনপ্রিয় পুজো কমিটির থিম ঘোষণার পর থেকেই উৎসবের আবহ আরও জোরালো হয়েছে। কোন মণ্ডপ কতটা নজর কাড়বে, তা নিয়ে ইতিমধ্যেই শুরু হয়েছে দর্শকদের জল্পনা। রথের দিন থেকেই কার্যত শারদোৎসবের প্রস্তুতিতে মেতে উঠল তিলোত্তমা।
