ওয়েব ডেস্ক : একসঙ্গে পাঁচ নাবালক কিশোর নিখোঁজের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে মুর্শিদাবাদের (Murshidabad) ডোমকলে। শ্রীকৃষ্ণপুর এলাকায় শুক্রবার দুপুরে বাড়ি থেকে বেরিয়েছিল পাঁচ কিশোর। সন্ধ্যা পেরিয়ে রাত হলেও তারা বাড়িতে না ফেরায় পরিবারের সদস্যদের মধ্যে উদ্বেগ তৈরি হয়।
নিখোঁজ কিশোরদের বয়স ১১ থেকে ১৩ বছরের মধ্যে। মোরসালিম, নয়ন শেখ, আলামিন, তুহিন মোল্লা এবং সিনোজ বিশ্বাস নামে ওই পাঁচ কিশোরের সন্ধান এখনও মেলেনি বলে পরিবারের দাবি। প্রথমে আত্মীয়, বন্ধু ও পরিচিতদের বাড়িতে খোঁজ চালানো হয়। সম্ভাব্য বিভিন্ন জায়গাতেও সন্ধান করা হলেও কোনও খবর পাওয়া যায়নি।
আরও খবর : অবশেষে পুলিশের জালে নৈহাটির তৃণমূল কাউন্সিলর রঞ্জন কর্মকার ওরফে রনো
শেষ পর্যন্ত শুক্রবার রাতেই ডোমকল (Domkal) থানায় নিখোঁজ ডায়েরি করেন পরিবারের সদস্যরা। একই এলাকা থেকে একসঙ্গে পাঁচ কিশোরের উধাও হয়ে যাওয়ায় স্বাভাবিকভাবেই নানা প্রশ্ন উঠতে শুরু করেছে। তারা নিজেরাই কোথাও চলে গিয়েছে, নাকি ঘটনার পিছনে অন্য কোনও কারণ রয়েছে, তা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা।
ঘটনার গুরুত্ব বুঝে তদন্ত শুরু করেছে ডোমকল থানার পুলিশ (Police)। কিশোররা শেষ কোথায় গিয়েছিল, তাদের সঙ্গে কারও যোগাযোগ হয়েছিল কি না এবং কী পরিস্থিতিতে পাঁচজন একসঙ্গে নিখোঁজ হল, তা খতিয়ে দেখা হচ্ছে। বিভিন্ন সম্ভাব্য জায়গায় তাদের সন্ধানেও তল্লাশি চালানো হচ্ছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। পাঁচ কিশোরের কোনও সন্ধান না মেলায় শ্রীকৃষ্ণপুর এলাকায় উদ্বেগ আরও বেড়েছে। উৎকণ্ঠায় দিন কাটছে নিখোঁজদের পরিবারের।
