ওয়েব ডেস্ক: শপথগ্রহণের পাঁচ দিন পরেও পশ্চিমবঙ্গের নতুন মন্ত্রিসভার (West Bengal Cabinet) দফতর বণ্টন ঘোষণা না হওয়ায় রাজনৈতিক মহলে জল্পনা তুঙ্গে। বুধবার ঘোষণার সম্ভাবনা থাকলেও তা হয়নি। শুক্রবারও দিনভর অপেক্ষার পর মন্ত্রীদের দায়িত্ব বণ্টন নিয়ে কোনও আনুষ্ঠানিক ঘোষণা সামনে আসেনি। এরই মধ্যে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) দিল্লি সফর নতুন করে নানা প্রশ্নের জন্ম দিয়েছে।
উল্লেখ্য, গত ১ জুন লোক ভবনে বিজেপি (BJP) সরকারের ৩৫ জন বিধায়ক মন্ত্রী হিসেবে শপথ নেন। তাঁদের মধ্যে ১৩ জন পূর্ণমন্ত্রী, ৩ জন স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী এবং ১৯ জন প্রতিমন্ত্রী রয়েছেন। এর আগে ৯ মে ব্রিগেডের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীর সঙ্গে আরও পাঁচজন পূর্ণমন্ত্রী শপথ নিয়েছিলেন।
গত বুধবার মন্ত্রিসভার তৃতীয় বৈঠকের পর মন্ত্রীদের দফতর বণ্টনের ঘোষণা হওয়ার কথা ছিল বলে রাজনৈতিক মহলে জোর জল্পনা চলছিল। কিন্তু বৈঠকের পর অন্নপূর্ণা যোজনা, পশ্চিমবঙ্গ দিবস পালনের নতুন দিন নির্ধারণ, মা ক্যান্টিনের নাম পরিবর্তন এবং সীমান্ত এলাকায় জমি হস্তান্তর-সহ একাধিক সিদ্ধান্তের কথা জানানো হলেও মন্ত্রীদের দায়িত্ব বণ্টন নিয়ে কোনও সিদ্ধান্ত হয়নি বলে জানান পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ (Dilip Ghosh)।
আরও পড়ুন: লোকসভাতেও কি ‘আসল তৃণমূল’? জল্পনার মাঝেই কাকলির বিস্ফোরক পোস্ট
সেই সময় বলা হয়েছিল, শুক্রবার এ বিষয়ে ঘোষণা করা হতে পারে। কিন্তু শুক্রবার বিকেল পর্যন্তও কোনও সরকারি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়নি। এর মধ্যেই মুখ্যমন্ত্রীর দিল্লি সফর এবং বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যর (Samik Bhattacharya) রাজধানীতে উপস্থিতি রাজনৈতিক মহলে নানা জল্পনার জন্ম দিয়েছে। মন্ত্রীদের দফতর বণ্টন নিয়ে কোনও জটিলতা তৈরি হয়েছে কি না, তা নিয়েও আলোচনা শুরু হয়েছে।
এদিকে নতুন মন্ত্রিসভায় পূর্ণমন্ত্রী হিসেবে রয়েছেন শঙ্কর ঘোষ, তাপস রায়, শারদ্বত মুখোপাধ্যায়, অর্জুন সিং, জগন্নাথ চট্টোপাধ্যায়, গৌরীশঙ্কর ঘোষ, মনোজ কুমার ওরাওঁ, দীপক বর্মন, অরূপ কুমার দাস, অজয় কুমার পোদ্দার, কল্যাণ চক্রবর্তী এবং দুধকুমার মণ্ডল। স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী হয়েছেন ইন্দ্রনীল খাঁ, মালতী রাভা রায় এবং রাজেশ মাহাতো।
এছাড়া প্রতিমন্ত্রী হিসেবে রয়েছেন জুয়েল মুর্মু, হরেকৃষ্ণ বেরা, আনন্দময় বর্মণ, অশোক দিন্ডা, নাদিয়ার চাঁদ বাউড়ি, বিশাল লামা, শান্তনু প্রামাণিক, মৌমিতা বিশ্বাস মিশ্র, উমেশ রাই, পূর্ণিমা চক্রবর্তী, কৌশিক চৌধুরী, ভাস্কর ভট্টাচার্য, দিবাকর ঘরামি, অমিয়া কিস্কু, কলিতা মাজি, গার্গী দাস ঘোষ, বিরাজ বিশ্বাস, দীপঙ্কর জানা এবং সুমনা সরকার।
দেখুন আরও খবর:
