28.6 C
Kolkata

মরুভূমির রূপ নিল রাজধানী! ৯২ কিমি বেগে ধুলোঝড় দিল্লিতে, জারি লাল সতর্কতা

Must Read

নয়াদিল্লি: কখনও তীব্র গরম, কখনও দূষণের ধোঁয়াশা, তার মধ্যেই এবার ভয়ংকর ধুলোঝড়ের সাক্ষী থাকল দিল্লি (Delhi)। সোমবার দুপুরে রাজধানীর আকাশ মুহূর্তে ধুলোর চাদরে ঢেকে যায়। প্রবল ঝড়ে বহু এলাকায় দৃশ্যমানতা কমে যায় এবং স্বাভাবিক জনজীবন ব্যাহত হয়।

ভারতীয় আবহাওয়া দফতর (আইএমডি) সূত্রে জানা গিয়েছে, সোমবার দুপুর প্রায় আড়াইটে নাগাদ দিল্লির পালাম এলাকায় ঘণ্টায় ৯২ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া রেকর্ড করা হয়েছে। পরিস্থিতির গুরুত্ব বিবেচনা করে দিল্লি ও সংলগ্ন এলাকায় লাল সতর্কতা (Red Alert) জারি করা হয়েছে।

আরও পড়ুন: ইরান-আমেরিকা শান্তিচুক্তিকে স্বাগত জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

মৌসম ভবন জানিয়েছে, ধুলোঝড়ের পর বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দিল্লির বিভিন্ন এলাকায় ঘণ্টায় ৭০ থেকে ৯০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে। পরে হাওয়ার গতি কমে ৬০-৭০ কিলোমিটারের মধ্যে নেমে আসবে বলে পূর্বাভাস। এছাড়াও রাজধানীর একাধিক অংশে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনার কথাও জানিয়েছে আবহাওয়া দপ্তর।

আবহাওয়া বিশেষজ্ঞদের মতে, উত্তর-পশ্চিম ভারতের উপর সক্রিয় একটি পশ্চিমী ঝঞ্ঝা (Western Disturbance)-র প্রভাবেই এই আকস্মিক আবহাওয়া পরিবর্তন। হিমালয় সংলগ্ন অঞ্চলে সক্রিয় এই আবহাওয়া ব্যবস্থার জেরে প্রবল বায়ুপ্রবাহ তৈরি হয়েছে, যা রাজস্থান ও শুষ্ক অঞ্চলের ধুলোকে দিল্লির দিকে টেনে এনেছে।

তবে মঙ্গলবার থেকে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব দুর্বল হয়ে পড়তে পারে। ফলে বৃষ্টির সম্ভাবনা কমলেও ফের তাপমাত্রা বৃদ্ধির আশঙ্কা রয়েছে।

সোমবার সকালে দিল্লির বিভিন্ন এলাকায় হালকা বৃষ্টি হলেও গরমের প্রভাব পুরোপুরি কাটেনি। এদিন রাজধানীর সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৮.২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের তুলনায় ০.৭ ডিগ্রি বেশি। প্রবল ধুলোঝড়ের জেরে বাসিন্দাদের প্রয়োজন ছাড়া বাইরে না বেরোনোর পরামর্শ দিয়েছে প্রশাসন। বিশেষ করে শিশু, প্রবীণ ও শ্বাসকষ্টজনিত সমস্যায় ভোগা ব্যক্তিদের সতর্ক থাকার আবেদন করা হয়েছে।

Latest News

প্রয়াত সর্বকালের সেরা অলরাউন্ডার স্যার গ্যারি সোবার্স

ওয়েব ডেস্ক: বিশ্ব ক্রিকেটে নক্ষত্রপতন। প্রয়াত হলেন কিংবদন্তি অলরাউন্ডার স্যার গ্যারফিল্ড সোবার্স (Garfield Sobers)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৯...

More Articles Like This