26.4 C
Kolkata

বিনামূল্যের বদলে টিকিট কাটতে চান কেউ কেউ, মহিলা যাত্রীদের জন্য বিকল্প ভাবনার ইঙ্গিত শুভেন্দুর

Must Read

কলকাতা: সরকারি বাসে মহিলাদের জন্য বিনামূল্যে যাত্রার ব্যবস্থা চালু থাকলেও (Government Bus Free For Women), অনেকেই স্বেচ্ছায় ভাড়া দিয়ে সফর করতে চাইছেন। সেই চাহিদার কথা মাথায় রেখে বিকল্প ব্যবস্থা তৈরির ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)।

মঙ্গলবার কসবার পরিবহণ ভবনে ৫০টি নতুন পরিবেশবান্ধব বাসের উদ্বোধন করতে গিয়ে এই প্রসঙ্গ তোলেন মুখ্যমন্ত্রী। তাঁর বক্তব্য, সরকারি বাসে মহিলাদের জন্য বিনামূল্যে যাতায়াতের সুবিধা চালু রয়েছে। তবে অনেক মহিলা যাত্রী নিজেরাই টিকিট কেটে যাতায়াত করতে আগ্রহী। তাঁদের জন্য আলাদা ব্যবস্থা করার বিষয়টি সরকার বিবেচনা করবে।

আরও পড়ুন: ‘চ্যাটার্জি কমিশনের রিপোর্ট প্রকাশ করলেন না কেন?’ একুশের মঞ্চ থেকে মমতাকে নিশানা ঋতব্রতর

শুভেন্দু বলেন, “অনেক মহিলা বলছেন, তাঁরা উপার্জন করেন, তাই বিনামূল্যে পরিষেবা নিতে চান না। তাঁদের কথাও ভাবতে হবে। বিকল্প ব্যবস্থা করতে হবে।”

বর্তমানে সরকারি বাসে মহিলাদের জন্য ‘পিঙ্ক স্মার্ট কার্ড’-এর মাধ্যমে বিনামূল্যে যাত্রার সুবিধা দেওয়া হচ্ছে। যদিও এই প্রকল্প নিয়ে কিছু অভিযোগও সামনে এসেছে। একাংশের দাবি, বিনামূল্যে পরিষেবার কারণে কিছু বাস নির্দিষ্ট স্টপেজে দাঁড়াতে অনীহা দেখায়। আবার অনেক স্বনির্ভর মহিলা মনে করেন, সরকারি পরিষেবার জন্য নির্ধারিত ভাড়া তাঁরা নিজেরাই দিতে চান।

পরিবহণ ব্যবস্থার উন্নয়নেও এদিন একাধিক ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। তিনি জানান, শহরের রাস্তায় আরও ৫০টি পরিবেশবান্ধব বাস নামানো হচ্ছে। এর মধ্যে ৪৩টি সিএনজি চালিত এবং ৭টি ব্যাটারিচালিত বাস। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পরিবহণমন্ত্রী অর্জুন সিং, মুখ্যসচিব মনোজ আগরওয়াল-সহ পরিবহণ দপ্তরের শীর্ষ আধিকারিকেরা।

সরকারের দাবি, গণপরিবহণ আরও আধুনিক, পরিবেশবান্ধব এবং যাত্রীবান্ধব করে তুলতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি মহিলা যাত্রীদের মতামত বিবেচনা করে ভাড়া সংক্রান্ত নীতিতেও প্রয়োজনীয় পরিবর্তনের সম্ভাবনার ইঙ্গিত মিলেছে।

Latest News

ডিএ নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

ওয়েব ডেস্ক: রাজ্যের সরকারি কর্মীদের জন্য ডিএ (DA) নিয়ে বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। মঙ্গলবার বিদ্যুৎ...

More Articles Like This