30.8 C
Kolkata

এক মুঠো ভাত বেশি চাওয়ায় মার! শান্তিপুরে মিড-ডে মিল খেতে গিয়ে জখম পঞ্চম শ্রেণির পড়ুয়া

Must Read

নদীয়া: মিড-ডে মিলের খাবারে (Mid Day Meal) সামান্য একটু ভাত বেশি চাওয়াই যেন কাল হল পঞ্চম শ্রেণির এক ছাত্রের। অভিযোগ, অতিরিক্ত ভাত চাওয়ায় স্কুলের গেটম্যানের মারধরের শিকার হতে হয়েছে ওই পড়ুয়াকে। ঘটনায় জখম হয়েছে তার কপাল। এই ঘটনাকে কেন্দ্র করে নদীয়ার (Nadia) শান্তিপুরের (Shantipur) কুতুবপুর জুনিয়র হাই স্কুল চত্বরে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার দুপুরে স্কুলে মিড-ডে মিল পরিবেশন করা হচ্ছিল। অভিযোগ, কুতুবপুর জুনিয়র হাই স্কুলের পঞ্চম শ্রেণির এক ছাত্র খাবার খাওয়ার সময় কর্তব্যরত গেটম্যানের কাছে সামান্য একটু ভাত বেশি চায়। সেই অনুরোধে ক্ষিপ্ত হয়ে ওঠেন অভিযুক্ত গেটম্যান। অভিযোগ, তিনি আচমকাই ছাত্রটিকে সজোরে চড় মারেন।

আরও পড়ুন: পানিহাটি পুরসভার শাখা অফিসে ‘ভূতুড়ে সই’ কাণ্ড! কাজে না এসেও বেতন, দুর্নীতির অভিযোগে সরব বিজেপি

পরিবারের দাবি, চড়ের অভিঘাতে পড়ুয়াটি নিজের খাবারের থালার উপর মুখ থুবড়ে পড়ে যায়। থালার ধারালো অংশে আঘাত লেগে কপাল কেটে যায় এবং রক্তপাত শুরু হয়। আহত অবস্থায় স্কুলেই কান্নায় ভেঙে পড়ে শিশুটি। পরে তাকে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করা হয়।

ঘটনার খবর ছড়িয়ে পড়তেই ক্ষোভে ফেটে পড়েন ছাত্রের পরিবারের সদস্য ও স্থানীয় বাসিন্দারা। স্কুল চত্বরে জড়ো হয়ে অভিযুক্তের শাস্তির দাবিতে বিক্ষোভ দেখাতে শুরু করেন তাঁরা। আক্রান্ত ছাত্রের পরিবারের এক সদস্য বলেন, “একটা ছোট বাচ্চা একটু ভাত বেশি চেয়েছিল। তাই বলে তাকে মারধর করে মাথা ফাটিয়ে দেওয়া হবে? এটা কোনওভাবেই মেনে নেওয়া যায় না।”

পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হয়ে ওঠায় ঘটনাস্থলে পৌঁছয় শান্তিপুর থানার বিশাল পুলিশ বাহিনী। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি এড়াতে কেন্দ্রীয় বাহিনীকেও মোতায়েন করা হয়। পরে পুলিশ ও নিরাপত্তারক্ষীদের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। অভিযুক্ত গেটম্যানের বিরুদ্ধে কী পদক্ষেপ করা হবে, তা নিয়ে এখনও পর্যন্ত স্কুল কর্তৃপক্ষের তরফে আনুষ্ঠানিক কোনও বিবৃতি পাওয়া যায়নি। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। একজন স্কুলকর্মীর বিরুদ্ধে এমন আচরণের অভিযোগ ওঠায় ক্ষুব্ধ অভিভাবক মহলও।

Latest News

উইম্বলডনের রয়্যাল বক্সে শচীনের পাশে শুভমন, ভাইরাল ছবি ঘিরে জোর চর্চা

ওয়েব ডেস্ক : উইম্বলডন ২০২৬-এর (Wimbledon 2026) রয়্যাল বক্সে (Royal Box) ভারতীয় ক্রিকেটের দুই প্রজন্মকে একসঙ্গে দেখা গেল। ভারতের...

More Articles Like This