দিল্লি যাওয়ার পথেই অসুস্থ বিমান বসু, এইমসে ভর্তি বামফ্রন্ট চেয়ারম্যান, কেমন আছেন প্রবীণ নেতা?

Must Read

নয়াদিল্লি: দলের কাজে দিল্লি যাওয়ার পথেই অসুস্থ হয়ে পড়লেন বামফ্রন্ট চেয়ারম্যান তথা প্রবীণ সিপিএম (CPIM) নেতা বিমান বসু (Biman Bose)। শুক্রবার দিল্লির এইমসে (Delhi AIIMS) তাঁকে ভর্তি করানো হয়েছে। হাসপাতাল সূত্রে খবর, ৮৭ বছরের নেতার শরীরে অক্সিজেনের ঘাটতি দেখা দিয়েছিল। তাঁকে অক্সিজেন দেওয়া হয়েছে। আপাতত তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল বলে জানিয়েছে বামফ্রন্টের রাজ্য নেতৃত্ব।

সূত্রের খবর, শুক্রবার কলকাতা থেকে বিমানে দিল্লি রওনা দিয়েছিলেন বিমান বসু। বিমানে থাকাকালীন সামান্য অসুস্থ বোধ করেন তিনি। দিল্লি বিমানবন্দরে নামার পর সরাসরি যান দলের দিল্লির দফতর একে গোপালন ভবনে। সেখানে চিকিৎসক তাঁকে পরীক্ষা করেন। শারীরিক পরিস্থিতি দেখে চিকিৎসকরা দ্রুত হাসপাতালে ভর্তি হওয়ার পরামর্শ দেন।

আরও খবর : ‘এবিভিপি বিজেপির শাখা সংগঠন নয়’, যাদবপুর বিতর্কে বড় বার্তা শমীক ভট্টাচার্যের

এর পরেই দলের সদস্যরা বিমান বসুকে নিয়ে যান দিল্লির এইমসে। সেখানে ফের পরীক্ষা করা হলে তাঁর শরীরে অক্সিজেনের মাত্রা কম থাকার বিষয়টি ধরা পড়ে। চিকিৎসকদের পরামর্শে তাঁকে হাসপাতালে ভর্তি করে অক্সিজেন দেওয়া হয়। চিকিৎসার পর তাঁর শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে বলে খবর।

এইমসে আপাতত পর্যবেক্ষণে রাখা হয়েছে বামফ্রন্ট চেয়ারম্যানকে। শনিবার তাঁকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হতে পারে বলে সূত্রের খবর। তবে চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী তাঁর শারীরিক পরিস্থিতির উপর নজর রাখা হচ্ছে।

দলের অন্দরের খবর, মাসখানেক আগেও দলীয় কাজে দিল্লি গিয়ে এইমসে রুটিন চেকআপ করিয়েছিলেন বিমান বসু। তখন তাঁর শারীরিক অবস্থায় কোনও উল্লেখযোগ্য সমস্যা ধরা পড়েনি। বয়স ৮৭ হলেও দীর্ঘদিন ধরেই তাঁর জীবনযাপন বেশ নিয়ন্ত্রিত বলে দলীয় সূত্রে দাবি।

এদিকে, বিমান বসুকে এইমসে ভর্তি করানোর খবর ছড়িয়ে পড়তেই উদ্বেগ তৈরি হয়েছে বাম শিবিরে। তবে রাজ্য নেতৃত্বের বক্তব্য, তিনি বর্তমানে স্থিতিশীল এবং মূলত রুটিন পর্যবেক্ষণেই রয়েছেন।

Latest News

শেলটনের অবিশ্বাস্য জয়, ইউএস ওপেন থেকে বিদায় আলকারাজের

ওয়েব ডেস্ক: ইউএস ওপেনে (US Open 2026) সবথেকে বড় অঘটন হয়ে গেল। খেতাব জেতার এক নম্বর দাবিদার কার্লোস আলকারাজ...

More Articles Like This