ওয়েব ডেস্ক: দীর্ঘ প্রায় এক দশকের অপেক্ষার অবসান। ফের বাংলার টেলিভিশনের (Bangla Television) পর্দায় ফিরছে জনপ্রিয় রিয়্যালিটি শো ‘বিগ বস বাংলা’ (Big Boss Bangla)। তবে এ বার প্রত্যাবর্তনে থাকছে বড় চমক। সঞ্চালকের ভূমিকায় দেখা যাবে সৌরভ গঙ্গোপাধ্যায়কে (Sourav Ganguly)। স্টার জলসার (Star Jalsha) তরফে ইতিমধ্যেই প্রকাশ করা হয়েছে শো-এর নতুন প্রোমো। চ্যানেলের ঘোষণা অনুযায়ী, আগামী ৩০ অগস্ট হবে ‘বিগ বস বাংলা’-র গ্র্যান্ড ওপেনিং। তার পরের দিন, অর্থাৎ ৩১ অগস্ট থেকে রাত সাড়ে ৯টা ৩০ মিনিটে নিয়মিত সম্প্রচার শুরু হবে।
বাংলায় প্রথম ‘বিগ বস’ শুরু হয়েছিল ২০১৩ সালে। প্রথম সিজনে সঞ্চালকের দায়িত্বে ছিলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী। ২০১৬ সালে দ্বিতীয় সিজনে সেই দায়িত্ব সামলেছিলেন অভিনেতা জিৎ। দ্বিতীয় সিজনের পর দীর্ঘ বিরতি। প্রায় ১০ বছর পরে তৃতীয় সিজন নিয়ে ফের বাংলায় ফিরছে এই রিয়্যালিটি শো।
আরও খবর : ভিমল এলাচির বিজ্ঞাপন ঘিরে বিপাকে শাহরুখ-অজয়-টাইগার, তিন তারকাকে নোটিস মহারাষ্ট্র এফডিএর
এ বার সঞ্চালক হিসেবে সৌরভের নাম ঘোষণাই নিঃসন্দেহে শো-এর অন্যতম বড় আকর্ষণ। দীর্ঘদিন ধরে ‘দাদাগিরি’-র সঞ্চালক হিসেবে টেলিভিশনের দর্শকদের মন জয় করেছেন সৌরভ। এ বার তাঁকেই দেখা যাবে ‘বিগ বস’-এর ঘরে থাকা প্রতিযোগীদের সঙ্গে কথোপকথন করতে, তাঁদের নানা দ্বন্দ্ব ও আবেগের বিচার করতে।
মার্চ মাসে ইডেন গার্ডেন্সে আয়োজিত এক অনুষ্ঠানে ‘বিগ বস বাংলা’-র প্রত্যাবর্তনের কথা ঘোষণা করা হয়েছিল। সেখানেই সৌরভকে সঞ্চালক হিসেবে সামনে আনে স্টার জলসা।
শো-এর প্রতিযোগীদের নিয়ে ইতিমধ্যেই জল্পনা শুরু হয়েছে। একাধিক অভিনেতা, ইনফ্লুয়েন্সার এবং পরিচিত মুখের নাম ঘুরছে বিভিন্ন মহলে। সায়ক চক্রবর্তী, ননসেন্স শমীক, যশ দাশগুপ্ত, নুসরত জাহানের মতো নাম নিয়েও আলোচনা রয়েছে। তবে তাঁদের কাউকেই এখনও চ্যানেল বা সংশ্লিষ্ট তারকার তরফে আনুষ্ঠানিক ভাবে নিশ্চিত করা হয়নি।
এক ছাদের নীচে বিভিন্ন পেশা ও স্বভাবের মানুষকে রেখে তাঁদের সম্পর্ক, বন্ধুত্ব, সংঘাত এবং ব্যক্তিত্বের নানা দিক তুলে ধরাই ‘বিগ বস’-এর মূল আকর্ষণ। ফলে সৌরভের সঞ্চালনায় এ বার সেই চেনা ফর্ম্যাটে কী নতুন মোড় আসে, তা দেখার অপেক্ষায় দর্শক। দীর্ঘ বিরতির পর ‘বিগ বস বাংলা’ কতটা সাড়া ফেলে, এখন সেটাই দেখার।
