কলকাতা: আয় বহির্ভূত সম্পত্তি মামলায় আপাতত স্বস্তি মিলল না অদিতি মুন্সি (Aditi Munsi) ও দেবরাজ চক্রবর্তীর (Debraj Chakraborty)। কলকাতা হাইকোর্টে (Calcutta High Court) দায়ের হওয়া মামলায় এখনও পর্যন্ত আগাম জামিন (Anticipatory Bail) পাননি তাঁরা। তবে ১৯ জুন পর্যন্ত তাঁদের বিরুদ্ধে কোনও কড়া পদক্ষেপ করবে না পুলিশ বলে আদালতে আশ্বাস দিয়েছেন রাজ্যের অতিরিক্ত অ্যাডভোকেট জেনারেল। সেই আশ্বাসের ভিত্তিতেই আপাতত রক্ষাকবচ বজায় থাকছে দুই অভিযুক্তের।
বাগুইআটি থানায় দায়ের হওয়া এফআইআরকে কেন্দ্র করেই এই মামলার সূত্রপাত। আয় বহির্ভূত সম্পত্তি সংক্রান্ত অভিযোগে নিজেদের গ্রেফতারের আশঙ্কা রয়েছে বলে আদালতের দ্বারস্থ হন অদিতি মুন্সি ও দেবরাজ চক্রবর্তী। বিচারপতি জয় সেনগুপ্তর বেঞ্চে মামলার শুনানি হয়। আগামী ১৯ জুন মামলার পরবর্তী শুনানি হবে। ওইদিন তদন্তের অগ্রগতি সংক্রান্ত রিপোর্ট আদালতে জমা দেবে পুলিশ।
আরও পড়ুন: হাওড়া স্টেশন সংলগ্ন বঙ্কিম রোডের হকার উচ্ছেদের উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ হাইকোর্টের
এদিন রাজ্যের অতিরিক্ত অ্যাডভোকেট জেনারেল আদালতে দাবি করেন, গত পাঁচ বছরে অদিতি মুন্সির আয় যেখানে প্রায় ৪০.৯ লক্ষ টাকা এবং দেবরাজ চক্রবর্তীর আয় ৬৬ লক্ষ টাকার কিছু বেশি, সেখানে তাঁদের নামে প্রায় ১০০ কোটি টাকার সম্পত্তি কীভাবে তৈরি হল, তা নিয়েই তদন্ত চলছে। তদন্তকারী সংস্থার দাবি, আয় এবং সম্পত্তির পরিমাণের মধ্যে বিশাল ফারাক রয়েছে, যার উৎস খতিয়ে দেখা হচ্ছে।
এদিকে বুধবার দেবরাজ চক্রবর্তীকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয় বলেও সূত্রের খবর। জানা গিয়েছে, ২০২১ সালের একটি পুরানো মামলার সূত্র ধরেই তাঁকে জেরা করা হয়েছে। বিজেপি কর্মী প্রসেনজিৎ বিশ্বাসের মৃত্যুর ঘটনায় ভোট-পরবর্তী অশান্তির অভিযোগ ওঠে সেই সময়। ওই মামলাতেই দেবরাজ চক্রবর্তীকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়েছে বলে জানা গিয়েছে।
দেখুন আরও খবর:
