27.5 C
Kolkata

আলিপুর আদালতে অরূপকে ঘিরে ‘ডিম বৃষ্টি’

Must Read

কলকাতা: মেসি কাণ্ডে (Messi Controversy) আইনি জটের মধ্যেই আলিপুর আদালত চত্বরে তীব্র বিক্ষোভের মুখে পড়লেন প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস (Arup Biswas)। আদালতের এক আইনজীবীর চেম্বারে আশ্রয় নেওয়ার পর বাইরে জড়ো হন আইনজীবী ও সাধারণ মানুষ। অভিযোগ, তাঁদের অনেকের হাতেই ছিল ডিম। প্রায় তিন ঘণ্টা চেম্বারের ভিতরে থাকার পর পুলিশি নিরাপত্তায় বের করা হলে অরূপ বিশ্বাসকে লক্ষ্য করে ডিম ছোড়া হয় বলে জানা গিয়েছে।

বৃহস্পতিবার সকালে মেসি কাণ্ডে বিধাননগর দক্ষিণ থানায় হাজিরা দেন অরূপ বিশ্বাস। সেখানে দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদের পর তিনি কলকাতার বিভিন্ন এলাকায় ঘোরাফেরা করেন। পরে তাঁকে আলিপুর আদালতের আইনজীবী গোপাল হালদারের চেম্বারে দেখা যায়।

আরও পড়ুন: এক মুঠো ভাত বেশি চাওয়ায় মার! শান্তিপুরে মিড-ডে মিল খেতে গিয়ে জখম পঞ্চম শ্রেণির পড়ুয়া

অরূপ আদালত চত্বরে রয়েছেন, এই খবর ছড়িয়ে পড়তেই চেম্বারের বাইরে ভিড় জমতে শুরু করে। উপস্থিত আইনজীবী ও অন্যান্যদের একাংশ তাঁর বিরুদ্ধে স্লোগান দিতে থাকেন। প্রত্যক্ষদর্শীদের দাবি, কয়েকজনের হাতে ডিমও ছিল। বিক্ষোভকারীদের অভিযোগ, অরূপ বিশ্বাসকে আদালত চত্বর থেকে বেরিয়ে এসে জনতার মুখোমুখি হতে হবে।

পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হয়ে ওঠায় চেম্বারের সামনে নিরাপত্তা জোরদার করা হয়। একসময় ঘরের আলোও নিভিয়ে দেওয়া হয় বলে জানা যায়। তবে বিক্ষোভকারীরা অবস্থান চালিয়ে যান।

শেষ পর্যন্ত বিকেলের দিকে আদালত চত্বরে পৌঁছয় পুলিশ। কড়া নিরাপত্তার মধ্যে অরূপ বিশ্বাসকে চেম্বার থেকে বের করে একটি জালি-ঘেরা পুলিশি গাড়িতে তোলা হয়। সেই সময় তাঁর দিকে একাধিক ডিম ছোড়া হয় বলে অভিযোগ। যদিও নিরাপত্তার কারণে কোনও অপ্রীতিকর বড় ঘটনা ঘটেনি।

উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে রাজ্যের বিভিন্ন প্রাক্তন তৃণমূল নেতা-নেত্রীর বিরুদ্ধে তথাকথিত ‘ডিম থেরাপি’ নিয়ে রাজনৈতিক বিতর্ক তুঙ্গে। সেই আবহেই এবার আলিপুর আদালত চত্বরে অরূপ বিশ্বাসকে ঘিরে এই ঘটনা নতুন করে রাজনৈতিক চর্চার বিষয় হয়ে উঠেছে।

Latest News

১০০ কোটির বেশি লগ্নিতে সিঙ্গল উইন্ডো ছাড়পত্র, জমি নীতিতে বড় বদলের ঘোষণা শুভেন্দুর

কলকাতা: পশ্চিমবঙ্গে শিল্পে নতুন গতি আনতে জমি নীতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত দিল রাজ্য সরকার। ডানকুনিতে (Dankuni) লাক্স কোজি ইন্ডাস্ট্রিজের...

More Articles Like This