পুজোর আগে পুলিশের জন্য ‘উপহার’, অক্টোবর থেকে রেশন ভাতা বাড়ানোর ঘোষণা মুখ্যমন্ত্রীর

Must Read

কলকাতা: দুর্গাপুজোর (Durga Puja 2026) আগে রাজ্য পুলিশের জন্য বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। অক্টোবর মাস থেকে পুলিশ কর্মীদের মাসিক রেশন ভাতা ৫০০ টাকা বাড়ানো হবে। ফলে এতদিন যেখানে পুলিশ কর্মীরা ১,৫০০ টাকা করে রেশন ভাতা পেতেন, সেখানে আগামী অক্টোবর থেকে সেই অঙ্ক বেড়ে হবে ২,০০০ টাকা।

মঙ্গলবার ভবানীভবনে কাটমানি ও সিন্ডিকেটরাজের বিরুদ্ধে টোল-ফ্রি হেল্পলাইন চালুর অনুষ্ঠানে এই ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, “মুখ্যমন্ত্রী খালি হাতে ভবানীভবনে আসতে পারে না। দুর্গাপুজোর উপহার হিসেবে অক্টোবর থেকে রেশন ভাতা ৫০০ টাকা বাড়িয়ে দিলাম।”

কাটমানি-সিন্ডিকেটের বিরুদ্ধে সরাসরি অভিযোগ, টোল-ফ্রি হেল্পলাইন নম্বর চালু করলেন মুখ্যমন্ত্রী – KolkataTV

শুধু রেশন ভাতাই নয়, ট্রাফিক পুলিশের জন্যও একাধিক কল্যাণমূলক পদক্ষেপের ঘোষণা করেন তিনি। সাম্প্রতিক টানা বৃষ্টির কথা উল্লেখ করে মুখ্যমন্ত্রী জানান, বৃষ্টির মধ্যে ট্রাফিক পুলিশদের দায়িত্ব পালন করতে দেখে তাঁর খারাপ লেগেছে। অনেককে ভাঙা ছাতা নিয়ে ডিউটি করতে হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

এরপরই রাজ্য পুলিশের ডিজি এবং কলকাতার পুলিশ কমিশনারকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। একই সঙ্গে এনকেডিএ এবং হিডকোকে নিজেদের তহবিল থেকে ট্রাফিক পুলিশদের জন্য উন্নত মানের ছাতা, রেনকোট ও গামবুটের ব্যবস্থা করার অনুরোধ জানান। সংশ্লিষ্ট দপ্তরগুলিও এই উদ্যোগে সম্মতি জানিয়েছে বলে জানা গিয়েছে।

সরকারের দাবি, পুলিশের কর্মপরিবেশ উন্নত করা এবং তাঁদের দৈনন্দিন দায়িত্ব পালনে প্রয়োজনীয় সহায়তা দেওয়ার লক্ষ্যেই এই পদক্ষেপ। বিশেষ করে বর্ষাকালে দীর্ঘক্ষণ রাস্তায় দাঁড়িয়ে কাজ করা ট্রাফিক কর্মীদের নিরাপত্তা ও স্বাচ্ছন্দ্যের বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে।

পুজোর আগে রাজ্য পুলিশের জন্য এই আর্থিক ও পরিকাঠামোগত সহায়তার ঘোষণাকে প্রশাসনিক মহল তাৎপর্যপূর্ণ পদক্ষেপ বলেই মনে করছে।

Latest News

সাংসদ হলেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রীর নাতনি, কে এই নীলা ভিখে পাটিল?

ওয়েব ডেস্ক : এবার সুইডেনের (Sweden) সংসদে নির্বাচিত হলেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী বালাসাহেব ভিখে পাটিলের নাতনি নীলা ভিখে পাটিল...

More Articles Like This