35 C
Kolkata

৯ কিমি পথ, কাঁধে ৯০ বছরের শাশুড়ি! পেনশন তুলতে বউমার লড়াই ঘিরে ভাইরাল ভিডিও

Must Read

ওয়েব ডেস্ক: ডিজিটাল ইন্ডিয়ার (Digital India) দাবির মাঝেই ফের সামনে এল গ্রামীণ ভারতের এক কঠিন বাস্তব চিত্র। ছত্তিশগড়ের (Chhattishgarh) সুরগুজা জেলার মইনপাত এলাকায় ৯০ বছরের এক বৃদ্ধার পেনশন তুলতে গিয়ে তাঁর বউমাকে পিঠে করে ৯ কিলোমিটার পথ হাঁটার ভিডিও ভাইরাল (Viral) হয়েছে সমাজমাধ্যমে। ঘটনাকে ঘিরে ইতিমধ্যেই শুরু হয়েছে তীব্র আলোচনা।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই বৃদ্ধা মাসে ১৫০০ টাকা সরকারি পেনশন পান। ব্যাঙ্কের নিয়ম অনুযায়ী, পেনশন তুলতে হলে সুবিধাভোগীকে সশরীরে উপস্থিত থাকতে হয় এবং আঙুলের ছাপ দিয়ে পরিচয় যাচাই করতে হয়। কিন্তু সমস্যা হল, ওই গ্রামে কোনও পরিবহণ ব্যবস্থা নেই। ব্যাঙ্কও প্রায় ৯ কিলোমিটার দূরে, যেখানে পৌঁছনো অত্যন্ত কষ্টসাধ্য।

আরও পড়ুন: বাঁধ মানল না ভালোবাসা, কাঁচরাপাড়ার মন্দিরে সমকামী যুগলের বিয়ে ঘিরে চর্চা

এই পরিস্থিতিতেই প্রতি মাসে শাশুড়িকে পিঠে তুলে জঙ্গল, পাথুরে রাস্তা এবং ছোট নদী পেরিয়ে ব্যাঙ্কে যান বউমা সুখমানিয়া বাই। কখনও এক মাসের, কখনও কয়েক মাসের পেনশন একসঙ্গে তুলতেই এই কষ্টকর যাত্রা করতে হয় তাঁদের।

সুখমানিয়ার দাবি, আগে স্থানীয়ভাবে পেনশন পৌঁছে দেওয়া হত। কিন্তু সেই ব্যবস্থা বন্ধ হয়ে যাওয়ায় এখন বাধ্য হয়েই এই পথে হাঁটতে হচ্ছে। তাঁর কথায়, “ব্যাঙ্কে না গেলে টাকা মেলে না। তাই যত কষ্টই হোক, যেতে হয়।”

ভাইরাল ভিডিও সামনে আসতেই নেটিজেনদের একাংশ প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন। তাঁদের বক্তব্য, ডিজিটাল পরিষেবার যুগে দাঁড়িয়েও কেন এখনও শারীরিক উপস্থিতির জন্য এত কঠিন পথ পেরোতে হবে বয়স্ক ও অসহায় মানুষদের? একই সঙ্গে প্রত্যন্ত অঞ্চলের যোগাযোগ ব্যবস্থা নিয়েও উঠছে প্রশ্ন। এই ঘটনা আবারও চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল উন্নয়নের আলো থেকে এখনও কতটা দূরে রয়েছেন দেশের একাংশ মানুষ।

Latest News

সরকারি ওয়ার্কশপে বাঁদরের বাঁদরামি! ভিডিও দেখলে হেসে গড়াগড়ি খাবেন আপনিও

ওয়েব ডেস্ক: ‘বাঁদরামি করিস না’— ছোটদের বকতে গিয়ে এই কথা প্রায়ই শোনা যায়। আর সেই কথার সত্যতাই যেন আবার...

More Articles Like This