সুদীপদের সংসদীয় কমিটিতে ঠাঁই নয়! ফের স্পিকারকে চিঠি অভিষেকের, ২৫ সেপ্টেম্বরের মধ্যে নাম জমার নির্দেশ

Must Read

নয়াদিল্লি: এনসিপিআই-তে (NCPI) যোগ দেওয়া ২০ সাংসদকে সংসদের কোনও স্থায়ী কমিটিতে না রাখার আবেদন জানিয়ে লোকসভার (Lok Sabha) স্পিকারকে ফের চিঠি দিলেন তৃণমূলের লোকসভার দলনেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই ২০ সাংসদের সদস্যপদ খারিজের আবেদন নিয়েই ইতিমধ্যে আইনি লড়াই চলছে। সেই আবহে সংসদীয় কমিটি পুনর্গঠনকে কেন্দ্র করে নতুন করে টানাপড়েন তৈরি হয়েছে।

লোকসভা সচিবালয়ের তরফে সংসদীয় স্থায়ী কমিটিগুলিতে তৃণমূলের সাংসদদের নামের প্রস্তাব চাওয়া হয়েছে। ২৫ সেপ্টেম্বরের মধ্যে সেই তালিকা জমা দিতে বলা হয়েছে। তার আগেই অভিষেক চিঠি দিয়ে জানিয়েছেন, সুদীপ বন্দ্যোপাধ্যায়, কাকলি ঘোষ দস্তিদার, শতাব্দী রায়-সহ এনসিপিআইয়ের সঙ্গে থাকা ২০ সাংসদকে কোনও কমিটিতে রাখা উচিত নয়।

তৃণমূলের বক্তব্য, ওই ২০ জনের সদস্যপদ খারিজের আবেদন এখনও নিষ্পত্তি হয়নি। ফলে তাঁদের দলীয় অবস্থান নিয়ে সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত সংসদীয় কমিটিতে অন্তর্ভুক্ত না করার আবেদন জানানো হয়েছে। লোকসভা সচিবালয়ের নথিতে অবশ্য ওই সাংসদেরা এখনও অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের সদস্য হিসেবেই নথিভুক্ত রয়েছেন।

আরও খবর :  সাত বছরের বকেয়া ডিএ মেটাবে রাজ্য, নির্দেশিকা জারি অর্থদফতরের

অন্য দিকে, সংসদীয় নিয়ম অনুযায়ী নির্বাচিত সাংসদদের স্থায়ী ও পরামর্শদাতা কমিটিতে সদস্য হওয়ার অধিকার রয়েছে বলে লোকসভা সূত্রের বক্তব্য। ফলে অভিষেকের আপত্তি সত্ত্বেও স্পিকার ওই ২০ জনকে কোনও কমিটিতে জায়গা দিতে পারেন বলে সংশ্লিষ্ট মহলে আলোচনা রয়েছে।

এনসিপিআইয়ের সঙ্গে থাকা ২০ সাংসদের বিরুদ্ধে দলত্যাগ-বিরোধী আইনে ব্যবস্থা চেয়ে অভিষেক আগেই স্পিকারের কাছে আবেদন করেছিলেন। গত ২৬ অগস্ট তাঁদের নোটিস দেওয়া হয়। পরে জবাব দেওয়ার সময়সীমা বাড়িয়ে ২২ সেপ্টেম্বর করা হয়েছিল। সেই সময়সীমা শেষ হওয়ার পর সাংসদেরা আরও চার সপ্তাহ সময় চেয়েছেন বলে খবর।

এই মামলাতেই অভিষেক সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন। ফলে সদস্যপদ সংক্রান্ত সিদ্ধান্ত এবং সংসদীয় কমিটিতে তাঁদের জায়গা পাওয়া, দুই বিষয়েই এখন স্পিকার ও আদালতের পরবর্তী পদক্ষেপের দিকে নজর রয়েছে।

Latest News

১ অক্টোবর থেকে গ্যাসের নিয়মে বড় বদল, আধার বায়োমেট্রিক না করলে মিলবে না ভর্তুকি

ওয়েব ডেস্ক : ১ অক্টোবর থেকে ভর্তুকিযুক্ত রান্নার গ্যাস (LPG Gas) পেতে আধার বায়োমেট্রিক অথেনটিকেশন বাধ্যতামূলক হতে চলেছে। যাঁরা...

More Articles Like This