প্রশ্নফাঁসে আরও কড়া আইন, লোকসভায় পাশ হল বিল!

Must Read

ওয়েব ডেস্ক : পরীক্ষায় প্রশ্নফাঁস ও অসাধু উপায় রুখতে আরও কঠোর আইন কার্যকর করার পথে বড় পদক্ষেপ নিল কেন্দ্র। বুধবার লোকসভায় (Loksabha) কণ্ঠভোটে পাশ হল পাবলিক এগজামিনেশনস (প্রিভেনশন অফ আনফেয়ার মিনস) সংশোধনী বিল, ২০২৬ (Public Examinations (Prevention of Unfair Means) Amendment Bill, 2026)। নতুন সংশোধনী অনুযায়ী, প্রশ্নফাঁসের মতো অপরাধে দোষী সাব্যস্ত হলে সর্বোচ্চ ১০ বছরের কারাদণ্ড এবং ৫০ লক্ষ টাকা পর্যন্ত জরিমানার বিধান রাখা হয়েছে। সংগঠিত প্রশ্নফাঁস চক্রের ক্ষেত্রে জরিমানার পরিমাণ ১০ কোটি টাকা পর্যন্ত হতে পারে।

কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং লোকসভায় বিলটি পেশ করেন। সংশোধনীতে প্রতিটি রাজ্যে শুধুমাত্র প্রশ্নফাঁস সংক্রান্ত মামলার দ্রুত নিষ্পত্তির জন্য বিশেষ ফাস্ট-ট্র্যাক আদালত গঠনের প্রস্তাব রাখা হয়েছে। পাশাপাশি, তদন্ত শেষ করার সময়সীমাও সর্বোচ্চ দুই মাস বেঁধে দেওয়া হয়েছে, যাতে দ্রুত বিচারপ্রক্রিয়া সম্পন্ন করা যায়।

আরও খবর : যন্তর মন্তর কাণ্ডে চাঞ্চল্য! শনাক্ত ২৮৭৩ বিক্ষোভকারীর মধ্যে ৯৮৯ জনের বিরুদ্ধে পুরনো অপরাধের অভিযোগ

লোকসভায় বিলটি (Bill) নিয়ে আলোচনা চলাকালীন বিরোধী দলের হইচই ও স্লোগান চলতে থাকে। বিরোধী দলনেতা রাহুল গান্ধী ছাত্র আন্দোলনে পুলিশের ভূমিকা নিয়ে কেন্দ্রকে নিশানা করলে তীব্র বাকবিতণ্ডার সৃষ্টি হয়। যদিও কেন্দ্রীয় সরকার সেই অভিযোগ খারিজ করে জানায়, বিক্ষোভে গুলি চালানোর কোনও নির্দেশ দেওয়া হয়নি। শুধুমাত্র টিয়ার গ্যাস ব্যবহার করা হয়েছিল।

উল্লেখ্য, নিট প্রশ্নফাঁসের অভিযোগকে ঘিরে দেশজুড়ে দীর্ঘ আন্দোলনের পর এই সংশোধনী বিল আনা হয়েছে। কেন্দ্রের দাবি, নতুন আইন কার্যকর হলে প্রশ্নফাঁস, পরীক্ষায় জালিয়াতি এবং সংগঠিত দুর্নীতির বিরুদ্ধে আরও কঠোর ব্যবস্থা নেওয়া সম্ভব হবে। এখন বিলটি রাজ্যসভায় পাশ হলেই আইনে পরিণত হবে।

Latest News

বাসে আগুন, ককটেল বিস্ফোরণ, ঝটিকা মিছিল! বাংলাদেশে অশান্তির আবহ, আটক ৫১৫

ওয়েব ডেস্ক : বাসে অগ্নিসংযোগ, ককটেল বিস্ফোরণ এবং ঝটিকা মিছিলের ঘটনায় উত্তপ্ত বাংলাদেশের (Bangladesh) পরিস্থিতি। জানা যাচ্ছে , ঢাকা-সহ...

More Articles Like This