গভীর রাতে নিউ মার্কেটের হোটেলে ভয়াবহ আগুন, দমবন্ধ হয়ে মৃত অন্তত ৯!

Must Read

কলকাতা: তারাপীঠের (Tarapith Fire) পর এ বার কলকাতার নিউ মার্কেট (Kolkata New Market Fire)। গভীর রাতে মির্জা গালিব স্ট্রিটের (Mirza Galib Street) একটি হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃত্যু হল অন্তত ৯ জনের। মৃতদের মধ্যে এক শিশু, দু’জন মহিলা এবং ছ’জন পুরুষ রয়েছেন। তাঁদের মধ্যে কয়েক জন বাংলাদেশি নাগরিকও রয়েছেন বলে জানা গিয়েছে। আহত হয়েছেন অন্তত ছ’জন। তাঁদের কলকাতা মেডিক্যাল কলেজে চিকিৎসা চলছে।

মঙ্গলবার গভীর রাতে নিউ মার্কেট এলাকার হোটেল শিখা ইনের তিনতলায় আচমকাই আগুন লাগে। সেই সময় হোটেলের অধিকাংশ আবাসিক ঘুমোচ্ছিলেন। মুহূর্তের মধ্যে আগুনের ধোঁয়ায় ঢেকে যায় গোটা বিল্ডিং। আতঙ্কে ঘুম থেকে উঠে নীচে নামার চেষ্টা করেন আবাসিকেরা। কিন্তু সরু সিঁড়ি এবং ঘন কালো ধোঁয়ার কারণে অনেকেই বেরোতে পারেননি।

আরও খবর : সংগঠনের নেতা ও বিধায়কদের উদ্দেশে কড়া বার্তা দিলেন বঙ্গ বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য

আবাসিকদের একাংশের অভিযোগ, হোটেলে পর্যাপ্ত অগ্নিনির্বাপণ ব্যবস্থা ছিল না। এমনকি আগুন লাগার পর ফায়ার অ্যালার্মও বাজেনি বলে দাবি তাঁদের। ফলে বিপদের বিষয়টি বুঝতে এবং নিরাপদে বেরোতে বেশ কিছুটা সময় লেগে যায়। হোটেলের কর্মীদেরও ডাকাডাকি করে পাওয়া যায়নি বলে অভিযোগ।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকল ও কলকাতা পুলিশ। শুরু হয় আগুন নেভানোর কাজ এবং আটকে পড়া আবাসিকদের উদ্ধারের অভিযান। একে একে বেশ কয়েক জনকে উদ্ধার করা হলেও তত ক্ষণে বহু মানুষ ধোঁয়ায় অসুস্থ হয়ে পড়েছিলেন। পরে অন্তত ৯ জনের মৃত্যুর খবর সামনে আসে।

ঘটনায় ইতিমধ্যেই এক জনকে আটক করেছে পুলিশ। হোটেল মালিকের খোঁজেও তল্লাশি চলছে। অগ্নিনির্বাপণ ব্যবস্থা আদৌ ছিল কি না, থাকলে তা কার্যকর ছিল কি না, আগুন লাগার কারণই বা কী— সব দিক খতিয়ে দেখা হচ্ছে। ভয়াবহ এই ঘটনায় নিউ মার্কেট এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।

Latest News

হৃদ্‌যন্ত্র কেমন, শরীর কতটা ফিট? চেয়ার নিয়ে মাত্র ৩০ সেকেন্ডের পরীক্ষাতেই মিলবে ইঙ্গিত

ওয়েব ডেস্ক : বয়স বাড়ার সঙ্গে শরীরের পেশিশক্তি ও শারীরিক সক্ষমতায় পরিবর্তন আসে। বাইরে থেকে সবসময় তা বোঝা সম্ভব...

More Articles Like This